রুশ মালিক ‘জব্দ’ হওয়ার পরই তো চেলসি আরও চাঙা

গোলের পর হাভার্টজের উল্লাসছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত নাটক হলো রোমান আব্রামোভিচ আর চেলসিকে ঘিরে! কিন্তু আব্রামোভিচের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পর মাঠে চেলসির পারফরম্যান্সে সেটির প্রভাব ইতিবাচকভাবেই পড়ছে। আজ শেষ মুহূর্তের গোলে লিগে নিজেদের মাঠে নিউক্যাসলকে ১-০ ব্যবধানে হারিয়েছে চেলসি। এ জয়ে লিগের পয়েন্ট তালিকার তিন নম্বরে চেলসির অবস্থান আরও শক্ত হলো।

২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট চেলসির। এর ওপরে ওঠা বা নিচে নামা—দুটিই চেলসির জন্য এখন কঠিন! দুইয়ে থাকা লিভারপুলের পয়েন্ট ২৮ ম্যাচে ৬৬, চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ২৯ ম্যাচে ৫০। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

ওদিকে ইউক্রেনে রাশিয়া হামলা করল, এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘ঘনিষ্ঠ লোক’ আব্রামোভিচ বিপদে পড়লেন ইংল্যান্ডে। মস্কো আর লন্ডনের মধ্যে উত্তেজনার কারণে আগে থেকেই ইংল্যান্ডে ঢোকায় ঝামেলায় পড়তে হতো তাঁকে।

চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচ
ফাইল ছবি: টুইটার

গত ডিসেম্বরে সে কারণে পর্তুগিজ ভিসা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকও হয়েছেন চেলসির রুশ মালিক। এর মধ্যে ইউক্রেনে রাশিয়ার হামলার পর অবস্থা আরও বেগতিক দেখে ২ মার্চ চেলসি বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আব্রামোভিচ।

সে পরিকল্পনায় অবশ্য বাদ সেধেছে যুক্তরাজ্য সরকার। রাশিয়াকে সমুচিত জবাব হিসেবে আব্রামোভিচসহ সাত রুশ ধনকুবেরের যুক্তরাজ্যের সম্পদ জব্দ করেছে। ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে রাশিয়ার কারও ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাতে আব্রামোভিচের চেলসি বিক্রির প্রক্রিয়া তো বাধাগ্রস্ত হয়েছেই, চেলসির অস্তিত্বই পড়েছে হুমকির মুখে।

কিন্তু রুশ মালিক জব্দ হওয়ার পর থেকে মাঠে চেলসি যেন আরও চাঙা হয়েছে! আব্রামোভিচ যেদিন চেলসি বিক্রির পরিকল্পনার কথা জানিয়ে বিবৃতি দিয়েছিলেন, তার কয়েক দিন আগেই লিগ কাপের ফাইনালে টাইব্রেকারে লিভারপুলের কাছে হেরেছে চেলসি।

প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নেওয়ার পর দ্বিতীয় স্পর্শে বল জালে জড়িয়েছেন হাভার্টজ
ছবি: রয়টার্স

এরপর এফএ কাপের পঞ্চম রাউন্ডেও দ্বিতীয় স্তরের (চ্যাম্পিয়নশিপ) ক্লাব লুটন টাউনের কাছে হারতে হারতে জিতেছে ৩-২ গোলে। কিন্তু আব্রামোভিচের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পর যখন চেলসি সমর্থকেরা প্রিয় ক্লাবের অস্তিত্ব নিয়েই সংশয়ে পড়ে গিয়েছিলেন, মাঠে টমাস টুখেলের দল সেটা ভুলতে সাহায্য করছেন তাঁদের।

আব্রামোভিচের নিষেধাজ্ঞার পরদিনই লিগে নরউইচের মাঠে ৩-১ গোলে জিতেছে চেলসি। সেদিন ম্যাচ শেষে কোচ টুখেল বলেছিলেন, যত দিন চেলসির খেলোয়াড়দের পরার মতো জার্সি আর প্রতিপক্ষের স্টেডিয়ামে যাওয়ার মতো একটা বাস থাকবে, তত দিন চেলসি থাকবে। মাঠেও তেজটা ধরে রেখেছে চেলসি। সৌদি মালিকানায় যাওয়ার পর লিগে আগের ৯ ম্যাচে অপরাজিত নিউক্যাসলকে আজ নিজেদের মাঠে হারাল শেষ মুহূর্তের গোলে।

গোলটা যিনি করেছেন, মাঝে মাস দুয়েক ঝিমিয়ে পড়া চেলসির সাম্প্রতিক উত্থানে তাঁর বড় অবদান—কাই হাভার্টজ। লিগে আগের দুই ম্যাচে ৩ গোল করেছেন, ১টি করিয়েছেন।

আজ চেলসি যখন পয়েন্ট হারানোর শঙ্কায়, ৮৯ মিনিটে ত্রাতা হয়ে এলেন জার্মান ফরোয়ার্ড। জর্জিনিওর ক্রসটা বাতাসে থাকা অবস্থায় প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিলেন, দ্বিতীয় স্পর্শে জড়িয়ে দিলেন জালে।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসিকে জেতানো গোলটি করেছেন, কদিন আগে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালেও চেলসিকে জয় এনে দেওয়া গোলটি করেছেন পেনাল্টি থেকে। এখন চেলসির সবচেয়ে বড় প্রয়োজনের সময়েও জ্বলে উঠেছেন হাভার্টজ!