রূপকথা নাকি বাস্তবতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
রূপকথা এরই মধ্যে লেখা হয়ে গেছে, সেটিকে আরও টেনে নেওয়ার সুযোগ আইসল্যান্ডের সামনে। ফ্রান্সের প্রেরণা ঘরের মাঠে আরও একবার ইউরো জয়। কে জিতবে আজকের কোয়ার্টার ফাইনালে? সেই প্রশ্নের উত্তর মেলানোর অনুশীলনই কাল সেরে নিল ফ্রান্স (ওপরে) ও আইসল্যান্ড দল l এএফপি, রয়টার্স
রূপকথা এরই মধ্যে লেখা হয়ে গেছে, সেটিকে আরও টেনে নেওয়ার সুযোগ আইসল্যান্ডের সামনে। ফ্রান্সের প্রেরণা ঘরের মাঠে আরও একবার ইউরো জয়। কে জিতবে আজকের কোয়ার্টার ফাইনালে? সেই প্রশ্নের উত্তর মেলানোর অনুশীলনই কাল সেরে নিল ফ্রান্স (ওপরে) ও আইসল্যান্ড দল l এএফপি, রয়টার্স

দেশটির ৩ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ কী করবে তা বলাটা বাড়াবাড়ি, তবে আইসল্যান্ডের অন্তত ৬৫০ জন লোকের কথাটা বলে দেওয়া যায়। ওই ৬৫০ জন আজ স্থানীয় সময় সাতটায় সিওনভার্প সিমানস চ্যানেলটি খুলে বসে থাকবেন!
পুরো আইসল্যান্ডের সবাই যখন গত সপ্তাহে দেখছিলেন ইংল্যান্ডের বিপক্ষে দলের সেই ঐতিহাসিক জয়, তখন ওই হতভাগার দল অন্য চ্যানেল খুলে বসেছিলেন। আজ নিশ্চয়ই তাঁরা একই ভুল করবেন না! টিভি পর্দায় অন্য চ্যানেলগুলোয় যা-ই থাকুক না কেন, আজ তাঁদের দৃষ্টিজুড়ে থাকবে সেন্ট ডেনিসে। আজ যে ইউরোর কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে আইসল্যান্ড।
প্রথমবার ইউরো খেলতে এসেছে একালের ‘ভাইকিংস’রা। নকআউট পর্বে উঠেই ফুটবল-বিশ্বের চোখ কপালে তুলে দিয়েছিল তারা। আর শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে লিখে ফেলল রূপকথাই। আগ্নেয়গিরি ও প্রায় সারা বছর বরফে ঢেকে থাকা এই দেশের মোট জনসংখ্যা ইংল্যান্ডের লেস্টার সিটির চেয়েও কম!
ফুটবল রোমান্টিকেরা অবশ্য শুধু জনসংখ্যাতেই লেস্টার সিটির সঙ্গেই আইসল্যান্ডের মিল পাচ্ছেন না। মিল পাচ্ছেন আইসল্যান্ডের এমন উত্থানের সঙ্গে লেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়েরও। ফ্রেঞ্চ রাইটব্যাক বাকারি সানিয়া নিজেও এই রোমান্টিকদের দলে, ‘ওরা অনেকটাই ইউরো ২০১৬-এর লেস্টার সিটি। এখানে আসার যোগ্য। ওরা বাছাইপর্বেই দেখিয়েছে হল্যান্ড ও চেক প্রজাতন্ত্রকে হারাতে পারে।’
আইসল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসনও সে স্বপ্নই দেখছেন, ‘আমিও চাইব আমাদের শেষটা লেস্টার সিটির মতো হোক। ওরা নিজেদের শক্তির জায়গায় খেলেছে, আমরাও তাই করছি। লেস্টার যেমন একটি দল হয়ে খেলেছে, আমাদের মধ্যেও একই রকম ঐক্য কাজ করছে।’
রক্ষণ সামলে প্রতি-আক্রমণে ওঠা। আর গোল আদায় করে নিতে পারলেই রক্ষণ জমাট রেখে ম্যাচ বের করে নিয়ে যাওয়া। ইউরোতে এই ফর্মুলায় সাফল্য কম দল পায়নি। ১৯৯২ সালে ডেনমার্ক ও ২০০৪ সালে গ্রিস ইউরো জিতেছিল এভাবেই! এ ম্যাচ নিয়ে তাই খুব সতর্ক ফ্রেঞ্চ ডিফেন্ডার প্যাট্রিক এভরা, ‘মানুষ শুধু ওদের লম্বা থ্রো নিয়ে কথা বলছে, কিন্তু আইসল্যান্ড মানে শুধু তা নয়। অনেক ভালো একটা দল যারা ভালো খেলতে পারে। এটা কোনো দুর্ঘটনা নয় যে তারা এ পর্যায়ে এসেছে।’
তবে হালগ্রিমসন তাঁর স্বপ্নে আপাতত লাগাম পরিয়ে রাখছেন, ‘বড় স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু আমাদের বাস্তববাদীও হতে হবে। বাস্তবতা হলো, আমরা জীবনের সেরা খেলাটি খেলেও ফ্রান্সের কাছে হারতে পারি। তবে ফ্রান্স ও আইসল্যান্ড যে চাপের মুখে আছে সেটা ভিন্ন ধরনের। ফ্রান্স কোনোভাবেই এ ম্যাচ হারতে পারবে না, সেটি ওদের দেশের জন্য বীভৎস এক ব্যাপার হয়ে দাঁড়াবে। আর আমরা ভালো খেলতে পারলেই আমাদের লোকজন খুশি।’
আজ অবশ্য কিছুটা অস্বস্তিতে আছে ফ্রান্স। নিষেধাজ্ঞার খড়্গে আটকে আজ থাকবেন না পুরো প্রতিযোগিতায় দুর্দান্ত খেলা এনগোলো কান্তে। একই কারণে আদিল রামিও নেই। তবে সানিয়ার চোখে আজ এসব ফ্রান্সের পথে বাধা হতে পারবে না, ‘ওরা ভালো দল, ওদের ছোট করে দেখা ঠিক না। কিন্তু আমরা ইউরোপের সেরা দলগুলোর একটি এবং আমরা খেলছি ঘরের মাঠে।’
দেখা যাক, ফরাসি বাহিনী আজ আটকাতে পারেন কি না ভাইকিংদের। এএফপি, রয়টার্স।