রূপকথার নাম গুতিয়েরেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুতিয়েরেজ
গুতিয়েরেজ

‘ফুটবলজীবন মৃত্যুর চেয়েও বেশি কিছু’—বিল শ্যাঙ্কলির অমর এই উক্তি ফুটবলে বহু ব্যবহারে ক্লিশেই হয়ে পড়েছে। তারপরও হোনাস গুতিয়েরেজের মতো মৃত্যুঞ্জয়ী ফুটবলারদের জন্য সেই উক্তির কাছেই ফিরে যেতে হয়। মাত্র এক বছর আগেও ক্যানসারের থাবায় যাঁর মাঠে নামাটাই ছিল অনিশ্চিত, তাঁর গোলেই দলের অবনমন থেকে বেঁচে যাওয়ার মতো রূপকথা তো শুধু ফুটবলেই সম্ভব।
দুদিন আগে অবনমনের শঙ্কা নিয়েই মাঠে নেমেছিল নিউক্যাসল। ওয়েস্ট হামের সঙ্গে মৌসুমের শেষ ম্যাচে হেরে গেলে প্রিমিয়ার লিগ থেকে বিদায়ঘণ্টা বেজে যেতে পারত। সেই ম্যাচে ২-০ গোলের জয় পেয়ে মাঠেই শিরোপাজয়ের মতো উল্লাস করল নিউক্যাসল। আর সেই জয় পুরোটাই গুতিয়েরেজময়! আর্জেন্টাইন মিডফিল্ডার প্রথম গোলটার সুযোগ তৈরি করে দিয়েছেন, পরে হেড থেকে করেছেন দলের দ্বিতীয় গোলটি। গোলের পর মাঠেই পাগুলে দৌড়ে বুঝিয়ে দিয়েছেন, এ মুহূর্তটা কী ভীষণভাবে চেয়েছিলেন!
অথচ বছর খানেক আগেও অনেকে তাঁর ফুটবল ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। গত বছরের সেপ্টেম্বরে গুতিয়েরেজ জানান, তাঁর অণ্ডকোষে ক্যানসার ধরা পড়েছে। তার আগেই নিউক্যাসলে জায়গা হারিয়ে ফেলেছিলেন। তিন মাস কেমোথেরাপি নেওয়ার পর ছাড়া পান হাসপাতাল থেকে। খুব তাড়াতাড়িই ফেরেন ফুটবলে, তবে নিউক্যাসলের জার্সি গায়ে আবারও খেলতে অপেক্ষা করতে হয়েছে গত মার্চ পর্যন্ত। এরপর থেকে ছন্নছাড়া ফর্মে দল পড়ে গিয়েছিল অবনমনের শঙ্কায়। মৌসুমের শেষ ম্যাচে একটা প্রেরণা দরকার ছিল তাদের। গুতিয়েরেজের চেয়ে ভালো আর কে সেটা হতে পারেন! মেইল অনলাইন।