রূপকথার নাম বোর্নমাউথ
জার্সি অনেকটা এসি মিলানের মতো। শুধু জার্সিই, ধারেভারে কোনোভাবেই ইতালিয়ান পরাশক্তিদের সঙ্গে এএফসি বোর্নমাউথের নামটা যায় না। তবে উত্থানের গল্পে হয়তো মিলানসহ অনেক ক্লাবের সাফল্যের রোমাঞ্চকেই হার মানাবে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলবর্তী ক্লাবটি।
১৮৯০ সালে প্রতিষ্ঠিত হলেও ১২৫ বছরের ইতিহাসে এই প্রথম ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলছে বোর্নমাউথ। ৮ আগস্ট বসকম্বের নিজেদের মাঠ ডিন কোর্টে অ্যাস্টন ভিলার বিপক্ষে যখন খেলতে নামবে, ১১ হাজার ৭০০ ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রতিটি বোর্নমাউথ সমর্থককেই হয়তো তৃপ্তিতে ভরিয়ে দেবে পেছনের ‘সংগ্রামী’ ইতিহাস। ২০০৭-০৮ সালে যে ক্লাবটি আর্থিক অব্যবস্থাপনার মূল্য দিয়ে ইংলিশ ফুটবলের চতুর্থ স্তর ‘লিগ টু’তে নতুন মৌসুম শুরুই করেছিল (-) ১৭ পয়েন্ট নিয়ে, ছয় মাসে তিনবার যে ক্লাবটি দেউলিয়া হওয়ার নিশ্বাসদূরত্বে চলে গিয়েছিল, সাত বছরের ব্যবধানে নতুন রূপকথা লিখে তারাই এবার খেলছে বিশ্বের সবচেয়ে ধনী লিগটিতে!
অবিশ্বাস্য এই ভাগ্যবদলকে ক্লাবটির চেয়ারম্যান জেফ মস্টেন তুলনা করছেন ডেনিশ কল্পলেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের কোনো গল্পের সঙ্গে, ‘আমরাই আজ পর্যন্ত প্রিমিয়ার লিগে খেলা সবচেয়ে ছোট ক্লাব এবং হয়তো আজীবনই থাকব। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের শেষ লেখার পর থেকে সবচেয়ে সুন্দর রূপকথার গল্প এটিই।’
এমন কথা মস্টিনের মুখেই মানায়। বড় দুঃসময়ে, যখন ৪০ লাখ পাউন্ড দেনায় ডুবতে বসেছিল বোর্নমাউথ; ডিন কোর্টের পাশ দিয়ে যাওয়া রাস্তার মোড়ে হোটেলটিতে যখন সংশ্লিষ্ট ব্যক্তিরা অপেক্ষা করছিলেন ক্লাবটিকে দেউলিয়া ঘোষণা করার জন্য, অন্য অনেকের সঙ্গে তাঁর ৭ লাখ ৫০ হাজার পাউন্ডের চেকটিই ‘ভাসিয়ে রেখেছিল’ বোর্নমাউথকে। ৫১৪ কোটি পাউন্ড টিভি সম্প্রচারস্বত্বের প্রিমিয়ার লিগে তাঁদের ক্লাব খেলবে এমন চিন্তা তখন ছিলই না। ছিল শুধু একটি কমিউনিটি ফুটবল ক্লাবকে বাঁচিয়ে রাখার আকুলতা।
মস্টিনরা যদি বোর্নমাউথকে ভাসিয়ে রাখার অক্সিজেন দিয়ে থাকেন, তবে কঠিন পথ সাঁতরে পাড়ি দিতে স্টেরয়েড সরবরাহ করেছেন ম্যাক্স ডেনিম। ২০১১ সালে মালিকানা কিনে নেওয়ার পর থেকে খেলোয়াড় কেনা বা দায়ের পরিমাণ কমিয়ে আনা—প্রয়োজনীয় অর্থ জুগিয়ে গেছেন এই রুশ ব্যবসায়ী।
ও হ্যাঁ, বোর্নমাউথ-রূপকথার নায়কের কথাই তো বলা হয়নি—কোচ এডি হাউ! ১০ বছর বয়সে যোগ দিয়েছিলেন ক্লাবের যুব দলে। খেলোয়াড় হিসেবেই জায়গা করে নিয়েছিলেন ‘দ্য চেরিস’ সমর্থকদের হৃদয়ে। এমনভাবেই যে, ২০০৪ সালে তাঁকে ক্লাবে ফিরিয়ে আনতে এক দিনেই ১৬ হাজার পাউন্ড চাঁদা জোগাড় করেছিল সমর্থকেরা। ৩১ বছর বয়সে ফুটবল লিগের সর্বকনিষ্ঠ কোচ হিসেবে ফিরে এসে চমক দেখালেন আরেকবার। ২০০৯-এর জানুয়ারিতে যখন ‘আপৎকালীন’ কোচ হিসেবে এসেছিলেন, বোর্নমাউথ চতুর্থ স্তরের লিগেও অবনমন বাঁচাতে লড়ছে। পরের ৬ বছরে দলকে প্রিমিয়ার লিগে তুলে এনে তাই কিংবদন্তিই বনে গেছেন হাউ।
বোর্নমাউথের খেলোয়াড়দের ক্যানটিনে একটি দেয়ালচিত্র আছে। ক্লাবের পুরো ইতিহাসটাই এতে চিত্রায়িত ছবি ও লেখায়। যেটির নাম দেওয়া হয়েছে—‘দ্য জার্নি’। ইংলিশ লিগে চলার পথে বোর্নমাউথ আরও অনেক রূপকথার জন্ম দেবে, ফুটবল রোমান্টিকদের আশা অন্তত তেমনই।
শুভকামনা বোর্নমাউথ! এএফপি, দ্য টেলিগ্রাফ।
এক নজরে বোর্নমাউথ
প্রতিষ্ঠাকাল: ১৮৯০
ডাকনাম: দ্য চেরিস, বসকম্ব
মাঠ: ডিন কোর্ট
ধারণক্ষমতা: ১১ হাজার ৭০০
বর্তমান কোচ: এডি হাউ