রূপকথার নাম লুদোগোরেৎস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিরিল দমুশিয়েভ
কিরিল দমুশিয়েভ

ইকার ক্যাসিয়াস যদি এরই মধ্যে তথ্যটা জেনে থাকেন, তাহলে নিশ্চয়ই চমকে গেছেন। চ্যাম্পিয়নস লিগে আজ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এফসি লুদোগোরেৎসের বয়স তাঁর ক্যারিয়ারের চেয়েও কম! ১৯৯৯ সালে রিয়াল মাদ্রিদের মূল দলে অভিষেক ক্যাসিয়াসের। আর লুদোগোরেৎস ক্লাবটার জন্মই আরও দুই বছর পরে!
লুদোগোরেৎসের উত্থানটাই আসলে রূপকথার একটা গল্প। বুলগেরিয়ার রাজগ্রাদ শহরে ফুটবলের বাতিটা অনেক দিন থেকেই জ্বলছিল টিমটিম করে। লুদোগোরেৎস নামের একটা ক্লাব কিন্তু আগেও ছিল। সেটি প্রায় না থাকার মতো করেই। শেষ পর্যন্ত গত শতাব্দীর শেষ দিকে সবেধন নীলমণি ক্লাবটা বিলুপ্তই হয়ে যায়। শহরের সাবেক খেলোয়াড়েরা উদ্যোগী হয়ে নিজেরাই নতুন করে একটা ক্লাব প্রতিষ্ঠা করলেন। তখনো পেশাদার ফুটবলে নাম লেখানোর সাহসই করতে পারেনি তারা। ২০০৯ সালে ধীরে ধীরে একের পর এক সিঁড়ি টপকে ক্লাবটি উঠে আসে তৃতীয় বিভাগে।
সমস্যাটা হলো তখনই। এত দিন ক্লাব চলেছে আধা-পেশাদারভাবে। কিন্তু পুরোপুরি পেশাদার লিগে খেলতে হলে তো প্রচুর অর্থ দরকার। ক্লাব কর্তৃপক্ষ ধরনা দিল স্থানীয় শিল্পপতি কিরিল দমুশিয়েভের কাছে। দমুশিয়েভ ব্যবসায়ী লোক, ওষুধের ব্যবসায় টাকাকড়িও কামাচ্ছিলেন মন্দ নয়। কিন্তু ‘বিজনেস-টাইকুন’ তো আর নন! ‘পুঁচকে’ ক্লাবটির জন্য দিলেন ২৫ হাজার ইউরো। মালিকানাও রইল তাঁর নামেই।
পরের বছরই দ্বিতীয় বিভাগে ওঠার পর আবার ক্লাব কর্তৃপক্ষ যোগাযোগ করে দমুশিয়েভের সঙ্গে। এবার তাদের দাবিটা বড়, আড়াই লাখ ইউরো। দমুশিয়েভ সিদ্ধান্ত নেন ঝুঁকিটা নেওয়ার। পরের বছরেই ক্লাবটি উঠে আসে বুলগেরিয়ান ঘরোয়া লিগের সর্বোচ্চ পর্যায়ে। এরপর শুধুই ‘এলাম, দেখলাম, জয় করলাম’। প্রথম তিন মৌসুমেই তারা চ্যাম্পিয়ন, সর্বশেষ দুই মৌসুমে আবার ত্রিমুকুটজয়ী।
রোনালদো-বেলদের মতো খেলোয়াড়দের অবশ্য আজ তারা আতিথ্য দিতে পারছে না। রাজগ্রাদের জনসংখ্যাই মাত্র ৪৮ হাজার, আর লুদোগোরেৎসের নিজস্ব স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র ৮ হাজার! উয়েফার শর্ত পূরণ করতে না পারায় আজ ম্যাচটা রাজধানী সোফিয়াতেই গিয়ে খেলতে হবে তাদের।
সপ্তাহ দুয়েক আগে চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই আরেকটু হলে চমকে দিয়েছিল লুদোগোরেৎস। লিভারপুলের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে হারতে হয়েছে ২-১ গোলে। গতবার ইউরোপা লিগের মাধ্যমে ইউরোপিয়ান ফুটবলে অভিষেকটাও স্মরণীয় করে রেখেছিল দলটি। গ্রুপপর্বের ছয়টি ম্যাচের পাঁচটিতেই জয়, এরপর নকআউটে জয় লাৎসিওর বিপক্ষেও। শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়ার কাছে হারতে হয় শেষ ষোলোতে।
ক্লাবের বার্ষিক বাজেট মাত্র ৬০ লাখ ইউরো, রোনালদোই বছরে বেতন পান এর প্রায় তিন গুণ। ডেভিড-গোলিয়াথের লড়াইটা আজ একপেশেই হওয়ার কথা। তবে জীবনের মতো ফুটবলও অনেক বিস্ময় লুকিয়ে রাখে। লুদোগোরেৎস তো এরই মধ্যে তা প্রমাণ করে দেখিয়েছে! মেইল অনলাইন, মিরর।