রেকর্ড গড়ে ইউনাইটেডেই ডি মারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল ছেড়ে ডি মারিয়ার নতুন ঠিকানা ইউনাটেড। ছবি: রয়টার্স
রিয়াল ছেড়ে ডি মারিয়ার নতুন ঠিকানা ইউনাটেড। ছবি: রয়টার্স

আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে প্রস্তুতি প্রায় সম্পন্ন। রিয়াল মাদ্রিদ ছেড়ে অ্যাঙ্গেল ডি মারিয়া এখন ম্যানচেস্টার ইউনাইটেডে—এটি নিশ্চিত অনেকটাই। ‘রেড ডেভিল’দের তালিকায় নাম লেখাতে সোমবার রাতে ম্যানচেস্টারে পৌঁছেছেন ডি মারিয়া। সব ঠিকঠাক থাকলে আজই আনুষ্ঠানিক ঘোষণা দেবে ইউনাইটেড।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আজই স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনা মিডফিল্ডারকে। ২৬ বছর বয়সী উইঙ্গারের জন্য ইউনাইটেড খরচ করছে ৯ দশমিক ৯ কোটি ডলার (৭ কোটি ইউরো) । সপ্তাহে ডি মারিয়ার বেতন দাঁড়াবে দুই লাখ ইউরো।
প্রিমিয়ার লিগের ইতিহাসের রেকর্ডভাঙা দলবদল এটিই। ২০১১ সালে লিভারপুল থেকে ফার্নান্দো তোরেসকে আনতে ৬ কোটি ২০ লাখ ইউরো খরচ করেছিল চেলসি। ইউনাইটেডে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় ওয়েইন রুনির পরই এখন ডি মারিয়ার অবস্থান।
আর্জেন্টাইন এই উইঙ্গারের গত মৌসুমটা কেটেছে দুর্দান্ত। রিয়ালের হয়ে জিতেছিলেন লা ডেসিমা, লিসবনের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছিলেন। বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি ছিলেন অনবদ্য। যদিও চোট তাঁকে নামতে দেয়নি সেমিফাইনাল ও ফাইনালে। নতুন মৌসুমে ডি মারিয়ার রিয়াল ছাড়ার সিদ্ধান্ত অনেক সমর্থককে অবাক করলেও তাঁর সিদ্ধান্তটি নাকি ভেবে-চিন্তেই। কলম্বিয়ান সেনসেশন হামেস রদ্রিগেজ ও বিশ্বকাপ বিজয়ী জার্মান তারকা টনি ক্রুস আসায় তাঁর নাকি এই মৌসুমে রিয়ালের প্রথম একাদশেই জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন ছিল। সে তুলনায় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে খেলোয়াড় হিসেবে দারুণ আরাধ্য তিনি। ইউনাইটেডের ডাচ কোচ লুই ফন গাল ম্যানেজমেন্টকে রীতিমতো রাজি করিয়েই ডি মারিয়াকে ওল্ড ট্র্যাফোর্ডে আনছেন বলে জানা গেছে। সূত্র: দ্য টেলিগ্রাফ, রয়টার্স, বিবিসি।