রেকর্ড গড়ার রাতেই রোনালদোকে বলতে হলো ‘সরি’

কাল একটু বিপদেই পড়েছেন রোনালদোছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডে উলে গুনার সুলশার হোন বা পর্তুগাল জাতীয় দলে ফার্নান্দো সান্তোস—ক্রিস্টিয়ানো রোনালদোর কোচ মাত্রই হয়তো ম্যাচে নামার আগে রোনালদোকে একটা কথাই বারবার বলে দেবেন, ‘গোল তো করবে বাপু, শুধু জার্সিটা খুলো না!’

কদিন আগে জুভেন্টাসে থাকার সময়ে গোল উদ্‌যাপনে জার্সি খুলে বিব্রত হতে হয়েছিল রোনালদোকে। এবারের ইতালিয়ান লিগে জুভেন্টাসের প্রথম ম্যাচে উদিনেসের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে জিতিয়েছেন ভেবে জার্সি খুলে ফেলেছিলেন ৩৬ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু পরে ভিএআরে দেখা যায়, গোলের সময় রোনালদো অফসাইডে ছিলেন। ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। রোনালদো গোল পাননি, উল্টো দেখেন হলুদ কার্ড। ক্লাব বদলে ফেলায় সেটার ফল আর ভোগ করতে হয়নি তাঁকে।

শুরুতে পেনাল্টি কাজে লাগাতে পারেননি রোনালদো
ছবি: রয়টার্স

এবার পর্তুগালের জার্সিতে খেলতে গিয়েও জার্সি খুলে আপদ ডেকে আনলেন রোনালদো! ইউরোর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে রোনালদোর জার্সি খোলার কারণ অবশ্য ছিল। দুই গোল করে দলকে জিতিয়েছেন, অনন্য রেকর্ড গড়েছেন, জার্সি তো খুলতেই পারেন। কিন্তু জার্সি খুলে হলুদ কার্ড দেখায় পর্তুগালের পরের ম্যাচে নিষিদ্ধ হচ্ছেন রোনালদো। যে কারণে রেকর্ডের রাতেও রোনালদো পর্তুগাল সতীর্থদের উদ্দেশে বললেন, ‘সরি।’

রেকর্ড তো বলতে গেলে ক্রিস্টিয়ানো রোনালদোর অন্য নামই হয়ে গেছে! পর্তুগিজ ফরোয়ার্ড মাঠে নামা মানেই যেন কোনো রেকর্ডের পাশে তাঁর নাম বসে যাওয়া। তবে গতকাল ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে যে রেকর্ড গড়েছেন রোনালদো, সেটি সম্ভবত ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে অনেক বছর। ইরানের আলী দাইয়িকে পেরিয়ে হয়ে গেছেন ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

কোচ অবশ্য রোনালদোয় খুশি
ছবি: রয়টার্স

দাইয়ির সমান ১০৯ গোল নিয়ে গত জুনে ইউরো শেষ করা রোনালদো এক গোল করলেই অবশ্য রেকর্ডটা নিজের করে নিতে পারতেন, তিনি আরেকটি গোল করে দলকে জিতিয়েও মাঠ ছেড়েছেন। দ্বিতীয় গোলের পরই বেগরবাই! আগের গোলেই রেকর্ডের আনন্দ ছিল, কিন্তু তখনো দলের জয় নিশ্চিত হয়নি বলে সেভাবে উদ্‌যাপন করা হয়নি রোনালদোর। ৪৫ মিনিটে পিছিয়ে পড়া পর্তুগালকে ৮৯ মিনিটে গোলে সমতায় ফেরানো রোনালদো তাই আরেক গোলের খোঁজে ছিলেন। সেটি এল কখন? নির্ধারিত ৯০ মিনিট সময়ের পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে!

এমন সময়ের গোল, তাতে দল জিততে যাচ্ছে, তার ওপর রাতটা ছিল তাঁর রেকর্ড গড়ার, এর আগে প্রথমার্ধে পেনাল্টি মিসের ব্যর্থতা ভুলিয়ে দলকে এভাবে জেতানো...রোনালদোর উদ্‌যাপন পাগলাটে হওয়াই স্বাভাবিক। জার্সি খুলে ফেললেন, এরপর স্বভাবসুলভ ভঙ্গিতে লাফিয়ে ওঠা। কিন্তু জার্সি খোলাতেই ঝামেলা হলো। হলুদ কার্ড দেখেছেন রোনালদো। পরে নিশ্চিত হলো, এই হলুদ কার্ডের কারণে ৭ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলতে পারবেন না রোনালদো।

হাসি নিয়ে মাঠ ছেড়েছেন রোনালদো
ছবি: রয়টার্স

ম্যাচের পর তাই সতীর্থদের কাছে ক্ষমাই চেয়েছেন রোনালদো, ‘আমি ভুলেই গিয়েছিলাম ব্যাপারটি। খেলাটার আবেগই এমন। কোচ হয়তো আমাকে এ নিয়ে বকাঝকা করবেন এখন। কিন্তু ওটা কোনো ব্যাপার নয়। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দলকে জেতানো। আমি দুঃখিত, কিন্তু এখানে আবেগই সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়।’

পর্তুগাল কোচ সান্তোস অবশ্য কোনো বকাঝকা করেননি, বরং রোনালদোর অকুণ্ঠ প্রশংসা ঝরল তাঁর কণ্ঠে, ‘স্বাভাবিকভাবেই আমরা সবাই ওর এই রেকর্ডে খুশি। ওকে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হতে দেখে খুশি নন, এমন একজন পর্তুগিজও পাওয়া যাবে না।’

কাল শেষ মুহূর্তে দলকে জয় এনে দিয়েছেন রোনালদো
ছবি: রয়টার্স

তবে পর্তুগালের ক্ষতিতে ম্যানচেস্টার ইউনাইটেডের লাভ হলো। কদিন আগে দলবদলের মৌসুমের শেষ দিকে এসে নাটকীয় দলবদল হলো রোনালদোর। জুভেন্টাস ছেড়ে পুরোনো ক্লাব ম্যান ইউনাইটেডে ফিরেছেন। কিন্তু দলবদলটা যখন চূড়ান্ত হয়েছে, ততক্ষণে রোনালদো পর্তুগালে ছিলেন জাতীয় দলের সঙ্গে। ক্লাব সতীর্থদের সঙ্গে এখনো দেখা হয়নি তাঁর। কাল রোনালদোর নিষেধাজ্ঞার খবরের পর এটাও জানা গেল যে আজারবাইজানের বিপক্ষে খেলতে না পারা মানে রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আগেভাগে ক্লাবে যেতে পারবেন। ইউনাইটেডে আগেভাগে অনুশীলন শুরু করতে পারবেন।

ইংলিশ সংবাদমাধ্যমের গুঞ্জন সত্যি হলে আন্তর্জাতিক বিরতি শেষে ১১ সেপ্টেম্বর ম্যান ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিগে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ দিয়েই ম্যানচেস্টারের ক্লাবটিতে দ্বিতীয় অধ্যায় শুরু হবে রোনালদোর।

আগামী ম্যাচে থাকবেন না রোনালদো
ছবি: প্রথম আলো