
কিংবদন্তির মতো বিদায় নেওয়ার ঘোষণা দিয়েই মাঠে নেমেছিলেন। প্যারিস সেন্ট-জার্মেইয়ের হয়ে লিগে নিজের শেষ ম্যাচটিকে সেভাবেই রাঙিয়ে নিলেন ইব্রাহিমোভিচ। নঁতের সঙ্গে ৪-০ গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন, তাতে পিএসজির ইতিহাসে লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েই বিদায় নিলেন সুইডিশ স্ট্রাইকার।
বিদায়মঞ্চটা তাঁর জন্য তৈরিই ছিল। ইব্রার মুখোশ পরে এসেছিলেন ৪০ হাজার সমর্থকের অনেকে। ১০ নম্বর জার্সি পরেই যত কীর্তি গড়েছেন। তাই ইব্রাহিমোভিচকে আবেগঘন বিদায় জানাতে পার্ক দো প্রিন্সেসে পরশু দশম মিনিটের সময় ম্যাচ বন্ধ থাকে এক মিনিট। মিনিটজুড়ে হাততালিতে ৩৪ বছর বয়সী স্ট্রাইকারকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন প্যারিসের দর্শক।
ইব্রাহিমোভিচও ভালোবাসার জবাব দিয়েছেন। সাতমিনিট পর করেন প্রথম গোল, ৮৫ মিনিটে দ্বিতীয়টি। এই ২ গোল নিয়ে লিগে ৩৮ গোল হলো তাঁর। ১৯৭৭-৭৮ মৌসুমে কার্লোস বিয়াঞ্চির ৩৭ গোলের ক্লাব রেকর্ড ভেঙে দিয়েই বিদায় নিয়েছেন ইব্রা।
শুধু কি গোল–রেকর্ড! ইব্রা বিদায় নিয়েছেন ‘ইব্রা-স্টাইলে’ই। দুই মেয়েকে দুটি জার্সি পরিয়ে এনেছিলেন, যার একটিতে লেখা ছিল ‘কিং’, অন্যটিতে ‘লেজেন্ড’! টেলিগ্রাফ।