রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন, লিভারপুলকে হাতছানি আরও রেকর্ডের

সাত ম্যাচ হাতে রেখে ৩০ বছর পর ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। দলটির ১৯তম শিরোপা এটি, সবচেয়ে দাপুটেও কী? অসাধারণ এক মৌসুমে রেকর্ডের পর রেকর্ড ভেঙেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ভেঙেছে যে যে রেকর্ড
* সাত ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। যা ইংল্যান্ডের শীর্ষ ফুটবলে রেকর্ড। এর আগে তিনটি দল চারবার সর্বোচ্চ পাঁচ ম্যাচ হাতে রেখে জিতেছে ইংল্যান্ডের শীর্ষ লিগ—ম্যানচেস্টার ইউনাইটেড (১৯০৭–০৮ ও ২০০০–০১), এভারটন (১৯৮৪–৮৫) এবং ম্যানচেস্টার সিটি (২০১৭–১৮)।
* ঘরের মাঠে টানা ২৩ ম্যাচ জিতেছে লিভারপুল। আগের রেকর্ড থেকে যা তিন ম্যাচ বেশি। ২০১১–১২ মৌসুমে ঘরের মাঠে টানা ২০ ম্যাচ জিতেছিল ম্যানচেস্টার সিটি।
* গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট হাম ইউনাইটেডকে হারিয়ে লিগে টানা ১৮তম জয় পেয়ে টানা জয়ের রেকর্ডে ম্যানচেস্টার সিটির পাশে বসে ক্লপের দল। পরের ম্যাচে ওয়াটফোর্ডের কাছে হার থামায় লিভারপুলকে।
* ১ ফেব্রুয়ারি সাউদাম্পটনকে ৪–০ গোলে নিকট প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ২২ পয়েন্টে এগিয়ে যায় লিভারপুল। যা প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্টে এগিয়ে থাকার রেকর্ড। পরে নরউইচকে ১–০ গোলে হারিয়ে রেকর্ডটাকে ২৫–পয়েন্টে নিয়ে যায় অল রেডরা।
* ১১ জানুয়ারি টটেনহামকে ১–০ গোলে হারিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রথম ২১ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়ে লিভারপুল। প্রথম ২১ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ছিল ৬১। ওয়াটফোর্ডের কাছে হারের আগে প্রথম ২৭ ম্যাচে দলটির পয়েন্ট ছিল ৭৯।
* টটেনহামের বিপক্ষে পাওয়া ওই জয় প্রিমিয়ার লিগে সর্বশেষ ৩৮ ম্যাচে রেকর্ড ১০৪ পয়েন্ট এনে দেয় লিভারপুলকে। এর আগে টানা ৩৮ ম্যাচে সর্বোচ্চ ১০২ পয়েন্ট পেয়েছিল ম্যানচেস্টার সিটি ও চেলসি।
* ক্লাবের ১২৭ বছরের ইতিহাসে এবারই প্রথম শীর্ষ লিগের বাকি ১৯টি দলকেই হারিয়েছে লিভারপুল।
ভাঙতে পারে যে যে রেকর্ড
* ৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট লিভারপুলের। শেষ সাত ম্যাচে আরও ১৫ পয়েন্ট পেলেই প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়বে দলটি। ২০১৭–১৮ মৌসুমে রেকর্ড ১০০ পয়েন্ট পেয়েছিল ম্যানচেস্টার সিটি।
* অ্যানফিল্ডে শেষ তিনটি ম্যাচ জিতলেই প্রথম দল হিসেবে ঘরের মাঠে মৌসুমের সব ম্যাচ জেতার রেকর্ড গড়বে ১৯ বারের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে এক মৌসুমে সর্বোচ্চ ৫৫ পয়েন্ট পেয়েছে চেলসি (২০০৫–০৬), ম্যানচেস্টার ইউনাইটেড (২০১০–১১) ও ম্যানচেস্টার সিটি (২০১১–১২)।
* প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ জয়ের রেকর্ড ভাঙতে আরও পাঁচ ম্যাচ জিততে হবে লিভারপুলকে। এক মৌসুমে সর্বোচ্চ ৩২ ম্যাচ জিতেছে ম্যানচেস্টার সিটি।
* লিভারপুল যদি শেষ সাতটি ম্যাচই জিততে পারে ইংল্যান্ডের যে কোনো স্তরের লিগ রেকর্ড ১০৭ পয়েন্ট পাবে।
* সবচেয়ে বেশি পয়েন্টের ব্যবধানে লিগ জয়ের রেকর্ডটাও হাতছানি দিচ্ছে লিভারপুলকে। ২০১৭–১৮ মৌসুমে ১৯ পয়েন্টের ব্যবধানে লিগ জিতেছিল ম্যানচেস্টার সিটি।
* প্রতিপক্ষের মাঠে শেষ চারটি ম্যাচ জিতলে এক মৌসুমে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডে সিটির পাশে বসবে লিভারপুল। ২০১৭–১৮ মৌসুমে প্রতিপক্ষের মাঠে ১৬টি ম্যাচ জিতেছিল ম্যানচেস্টার সিটি।