রেকর্ড গড়েছেন হাদারি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোর্ট-জেন্টিলে দলের সঙ্গে অনুশীলনে মিসরের গোলকিপার এসাম এল-হাদারি l এএফপি
পোর্ট-জেন্টিলে দলের সঙ্গে অনুশীলনে মিসরের গোলকিপার এসাম এল-হাদারি l এএফপি

মালির বিপক্ষে মিসরের গোলপোস্টে কাল কে দাঁড়িয়েছিলেন? এসাম এল হাদারি? তাহলে তো রেকর্ডটা তাঁর হয়েই গেছে! সবচেয়ে বেশি বয়সে আফ্রিকান নেশনস কাপের (আফকন) ম্যাচ খেলার রেকর্ড।
মাত্র তিন দিন আগে ৪৪তম জন্মদিনের কেক কেটেছেন। বাংলাদেশ সময় গতকাল রাত একটায় গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে থাকলেই স্বদেশি কিংবদন্তি স্ট্রাইকার হোসাম হাসানের রেকর্ড পেছনে ফেলে দিয়েছেন হাদারি। ২০০৬ আফকনে সর্বশেষ বার খেলার সময় হাসামের বয়স ছিল ৩৯ বছর ৫ মাস ২৪ দিন।
এমনিতে মিসরের অধিনায়ক হাদারি। তবু তাঁর মাঠে নামা নিয়ে সংশয়ের কারণ মিসরের কোচ আহমেদ নেগির একটি মন্তব্য। সপ্তাহের শুরুর দিকে দলের তিন গোলকিপারে সন্তুষ্টি জানাতে গিয়ে নেগি বলেছিলেন, ‘প্রথম পছন্দের গোলকিপার কে হবে, সেটি এখনো ঠিক করিনি। তিনজন দুর্দান্ত ও অভিজ্ঞ গোলকিপার পাওয়াটা আমাদের দলটাকে এগিয়ে রাখবে।’ বছরখানেক আগেও অবশ্য দলের দ্বিতীয় পছন্দের গোলকিপার ছিলেন হাদারি। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ‘পদোন্নতি’ পান, অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে গোলপোস্টও সামলেছেন।
মিসরের জার্সিতে এটি হবে হাদারির সপ্তম আফকন, সবচেয়ে বেশি টুর্নামেন্টটিতে খেলার রেকর্ডে যা ক্যামেরুন কিংবদন্তি রিগোবার্ট সংয়ের চেয়ে একটি কম। টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দলটির হয়ে চারটি আফকনও জিতেছেন হাদারি। এখন তাঁর স্বপ্ন, ২০১৮ বিশ্বকাপেও খেলা। আর বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হওয়া, ‘বিশ্বকাপে যাওয়ার সব চেষ্টাই আমি করব। বয়স নিয়ে ভাবি না, আমি ২০ বছর বয়সীদের মতোই অনুশীলন করি।’
বিশ্বকাপে মাঠে নামলেই অবশ্য রেকর্ডটা হাদারির হয়ে যাবে। এই মুহূর্তে যেটি ফারিদ মনদ্রাগনের দখলে, ২০১৪ বিশ্বকাপে একটি ম্যাচেই খেলেছিলেন কলম্বিয়ান গোলকিপার। সে সময় তাঁর বয়স ছিল ৪৩ বছর। সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটা পেতে অবশ্য আরও বছর চারেক ‘২০ বছর বয়সীর মতো অনুশীলন’ করতে হবে হাদারিকে। সেই রেকর্ডটা জিওর্জিস কুদাসের, ১৯৯৫ সালে ৪৮ বছর বয়সে যুগোস্লাভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিলেন গ্রিক মিডফিল্ডার। রয়টার্স।