রেকর্ড ছোঁয়া হলো না ওয়েডসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২ বছর ধরে গৌরবটা সঙ্গী সালাম মুর্শেদীর। ১৯৮২ সালে মোহামেডানের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ২৭ গোল করেছিলেন এই স্ট্রাইকার। ঢাকার ফুটবলের সর্বোচ্চ গোলদাতার সেই রেকর্ড আজও ভাঙতে পারেননি কেউ। অল্পের জন্য এবার তা ছোঁয়া হলো না ওয়েডসন এনসেলমির। শেখ জামাল ধানমন্ডির হাইতিয়ান স্ট্রাইকার লিগ শেষ করেছেন ২৬ গোল করে। কাল তাঁর জোড়া গোলেই চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেলকে।
রেকর্ডটা ভাঙলেই নাকি খুশি হতেন বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী, ‘আমি মোটেও খুশি হয়নি খবরটা শুনে। হয়তো আমার ভক্ত-সমর্থকেরা খুশি হয়েছে যে অল্পের জন্য এই রেকর্ড ভাঙেনি। আমি চাই আগামী মৌসুমে কেউ যেন এটা ভাঙে।’
কাল ৮৬ মিনিটে শেখ জামালকে প্রথম গোল এনে দেন ওয়েডসন। প্রায় ২৫ গজ দূর থেকে লক্ষ্যভেদ। শেষ মিনিটে এল দ্বিতীয় গোল।
২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল শেখ জামাল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ শেখ রাসেল।
চতুর্থ মোহামেডান: মোটা অঙ্কের টাকায় দল গড়েও চ্যাম্পিয়ন দূরে থাক, লিগের তৃতীয়ও হতে পারেনি মোহামেডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ফেনী সকারকে ৩-০ গোলে হারিয়ে চতুর্থ হয়ে লিগ শেষ করেছে সাদা-কালোরা (২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট)। এ পর্যন্ত পেশাদার লিগের সাতটি আসরই রইল শিরোপাহীন, মোহামেডানের জন্য এবারের ব্যার্থতা খুবই দৃষ্টিকটু। অন্যদিকে ২৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম ফেনী সকার।
লিগে নিজেদের শেষ ম্যাচের শুরুতেই মোহামেডানকে এগিয়ে নেন ওয়াহেদ। ৮১ মিনিটে অরূপ বৈদ্য করলেন ২-০। শেষ মিনিটে সিফাত এনে দেন তৃতীয় গোল। ১৫ গোল করে লিগে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা ওয়াহেদ।
চতুর্থ হয়ে লিগ শেষ করায় মোহামেডানের টেন্টে থাকা ক্ষুব্ধ এক কর্মকর্তা বললেন, ‘আমরা অনেক টাকা দিয়ে এবার দেশের সেরা স্ট্রাইকারদের নিয়েছিলাম, কিন্তু ওরা আমাদের কিছুই দিতে পারেনি।’
আজকের খেলা: মুক্তিযোদ্ধা-উত্তর বারিধারা (বিকেল চারটা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।