রেকর্ড ছোঁয়া হলো না ইউনাইটেডের

ম্যাচ শেষে ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারের সঙ্গে হাত মেলাচ্ছেন লেষ্টার স্ট্রাইকার জেমি ভার্ডিছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড ছোঁয়া হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। আজ লেস্টার সিটিকে লেস্টারের মাঠে হারালেই প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে টানা জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলত ইউনাইটেড।

উলে গুনার সুলশারের দল পারেনি। সুলশারের দল পারেনি দু-দুবার এগিয়ে গিয়েও ম্যাচটি জিততে। পিছিয়ে পড়ে দুবার সমতা এনে ২-২ গোলে ড্র করেছে লেস্টার।

প্রতিপক্ষের মাঠে লিগে টানা ১০ জয়ের পর প্রথম পয়েন্ট হারাল ইউনাইটেড। তাতে টিকে গেল ২০০৮ সালে চেলসির গড়া প্রতিপক্ষের মাঠে টানা ১১ জয়ের রেকর্ড।

৮৫ মিনিটে ডিফেন্ডার অ্যাক্সেল তুয়ানজেবের আত্মঘাতী গোলটিই ইউনাইটেডকে প্রতিপক্ষের মাঠে মৌসুমের প্রথম হারের স্বাদ দিয়েছে। লেস্টার স্ট্রাইকার জেমি ভার্ডির নেওয়া শট তুয়ানজেবের শরীরে লেগে দিক বদলে ঢুকে যায় জালে।

ইউনাইটেড ২-১ গোলে এগিয়ে গিয়েছিল ৭৯ মিনিটে। বদলি নামা উরুগুইয়ান স্ট্রাইকার এদিনসন কাভানির থ্রু পাস থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। ২৩ মিনিটে মার্কাস রাশফোর্ডের করা ম্যাচের প্রথম গোলও অবদান ছিল পর্তুগিজ মিডফিল্ডারের।

ফার্নান্দেজের পাস ধরেই ইংল্যান্ডের শীর্ষ লিগে নিজের ৫০তম গোল পেয়ে যান রাশফোর্ড। আট মিনিট পর লেস্টারকে সমতায় ফেরান হার্ভি বার্নস।

ইউনাইটেডের দ্বিতীয় গোল এনে দেওয়ার আনন্দে ছুটছেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ
ছবি: এএফপি

প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট করা রাশফোর্ড দ্বিতীয়ার্ধেও সুযোগ হারিয়েছেন ব্যবধান বাড়ানোর। ৬০ মিনিটে রাশফোর্ডের জোরালো শট দারুণ ক্ষিপ্রতায় ফিরিয়ে দেন লেস্টার গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। ২ মিনিট পর অফসাইডের কারণে বাতিল হয় আন্থনি মার্শিয়ালের গোল।

আজ জিতলে লেস্টারকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে ওঠার সুযোগ ছিল ইউনাইটেডের। ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সুলশারের দল এখন আছে তিনে। এক ম্যাচ বেশি খেলা লেস্টারের পয়েন্ট ২৮। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

ম্যাচ শেষে ইউনাইটেড কোচ সুলশার শুধু হতাশাই ঝরালেন, ‘আজ জিততে না পেরে হতাশ। আমরা কত কত বড় সুযোগ পেয়েছিলাম কিন্তু গোল করতে পারলাম না। তকে ওরা বিপজ্জনক এক দল। এক পয়েন্ট সবচেয়ে বাজে ফল নয়, তবে কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে তিন পয়েন্ট না পেয়ে আমরা হতাশ।’

লেস্টার কোচ ব্রেন্ডন রজার্স প্রশংসা করেছেন নিজের দলের, ‘ভালো একটা ম্যাচ হয়েছে। আক্রমণাত্মক দুটি দল খেলেছে। আমাদের রক্ষণ ও পাল্টা আক্রমণ খুবই ভালো ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলের বিপক্ষে এভাবেই তো খেলতে হয়।’

আগামী পরশুই আবার মাঠে নামতে হচ্ছে লেস্টারকে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগ ম্যাচ খেলবে দলটি। ইউনাইটেডের পরের ম্যাচ মঙ্গলবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে।