রেকর্ড ডাকছে কিরাইকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলরক্ষক হিসেবে তিনি কখনোই বিশ্বসেরাদের একজন ছিলেন না। তবে গাবর কিরাই অন্য একটা কারণে ফুটবলজগতে বেশ চেনা মুখ। ৪০ বছর ২ মাস বয়সী হাঙ্গেরিয়ান এই গোলরক্ষক ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন ট্রাউজার পরে খেলে। অন্য গোলরক্ষকেরা যেখানে শর্টস পরতেই স্বচ্ছন্দ বোধ করেন, সেখানে তাঁর পছন্দ ট্রাউজার। অন্য রকম ব্যাপার তো বটেই! হার্থা বার্লিন ও ক্রিস্টাল প্যালেসের সাবেক এই গোলরক্ষক আজ আরও একটা কারণে আলোচনায় চলে আসতে পারেন। অস্ট্রিয়ার বিপক্ষে আজ দেশের হয়ে খেলতে নামলেই ইউরোতে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়বেন তিনি। সবচেয়ে বেশি বয়সে ইউরোর মূল পর্বে খেলার রেকর্ডটা এখন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের। ২০০০ সালে পর্তুগালের বিপক্ষে ইউরোতে নিজের সর্বশেষ ম্যাচটা খেলেছিলেন ম্যাথাউস, সেদিন তাঁর বয়স ছিল ৩৯ বছর ৯১ দিন! উয়েফাডটকম।