রেকর্ড ডাকছে রোনালদো-রয়েসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর দুবার বলটাকে পোস্টে ঠেলতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোর। ব্যস, হয়ে যাবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি। রেকর্ডটা আজ বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষেই গড়বেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড? l এএফপি
আর দুবার বলটাকে পোস্টে ঠেলতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোর। ব্যস, হয়ে যাবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি। রেকর্ডটা আজ বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষেই গড়বেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড? l এএফপি

আর যা-ই হোক, সান্তিয়াগো বার্নাব্যুতে আজ নিশ্চিত একটা রেকর্ড হচ্ছে।
এমনকি রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড, দুই দল ছুঁয়ে ফেলতে পারে দুটি আলাদা রেকর্ডও। তার জন্য ডর্টমুন্ডের দরকার একটি গোল, রিয়ালের দরকার হার এড়ানো।
রিয়ালের জন্য হাতছানি ক্লাব রেকর্ড ছোঁয়ার। ৬ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে ভলফসবুর্গের কাছে হারের পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচে অপরাজিত জিনেদিন জিদানের দল। আজ ঘরের মাঠে ডর্টমুন্ডের বিপক্ষেও না হারলেই ছুঁয়ে ফেলবে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার ক্লাব রেকর্ড! ১৯৮৮-৮৯ মৌসুমে যে রেকর্ড গড়েছিল লিও বেনহ্যাকারের রিয়াল।
তা ডর্টমুন্ড কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে? আর একটি গোল হলেই টমাস টুখেলের দল ছুঁয়ে ফেলবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে সবচেয়ে বেশি ২০ গোলের রেকর্ড। এর আগে তিনটি দল গ্রুপ পর্বে ২০টি করে গোল করেছে—রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা। টুখেলের দলকে স্বপ্ন দেখাবে এই তথ্যটিও, ইউনাইটেড (১৯৮৮/৯৯) ও রিয়াল (২০১৪/১৫) শেষ পর্যন্ত থেমেছে শিরোপা উৎসব করে।
শুধু ছোঁয়া কেন, ডর্টমুন্ড তো দুই গোল করে পেরিয়েও যেতে পারে রেকর্ডটা। রয়েস-অবামেয়াংদের ফর্মও সেটিই বলে। চোট কাটিয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচে মৌসুমে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন রয়েস, এরপর থেকে ছুটছেন ‘রোলস রয়েসে’র গতিতে। আলো ছড়াচ্ছেন বুন্দেসলিগায় সর্বোচ্চ ১৫ গোল করা অবামেয়াং ও তরুণ উসমানে ডেমবেলেও।
তবে প্রতিপক্ষের নাম যে রিয়াল মাদ্রিদ! তা-ও বার্নাব্যুতে। গ্রুপে আগের ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ড্র করেছে ডর্টমুন্ড। আজ চোটের কারণে বেল-ক্রুসরা নেই রিয়ালে। তাতে কী! ক্রিস্টিয়ানো রোনালদো শেষ কয়েকটি ম্যাচে দেখা দিচ্ছেন চেনা রূপে। আর এল ক্লাসিকোর টাটকা অভিজ্ঞতা বলছে, রিয়াল পিছিয়ে পড়লেও শেষ ভরসা সার্জিও রামোস তো আছেনই। আরও প্রেরণা লাগবে? এটি রিয়ালের ডাগআউটে জিদানের ৫০তম ম্যাচ!
পয়েন্ট তালিকা রিয়ালকে আজ জয় ছাড়া কিছু ভাবতে দেবে না। শেষ ষোলো দুই দলের আগেই নিশ্চিত হয়ে গেছে, ৫ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ১১, ডর্টমুন্ডের ১৩। জয় ছাড়া যেকোনো ফল রিয়ালকে রাখবে তালিকার দুইয়ে। ইতিহাস গড়ার দিনটাতে নিশ্চয়ই তা হতে দিতে চাইবে না রিয়াল।
অন্য ম্যাচে পোর্তো, সেভিয়ার মতো দলগুলো রিয়াল-ডর্টমুন্ডের মতো এত ‘বিলাসী’ অবস্থায় নেই। গ্রুপের শেষ ম্যাচে এসেও শেষ ষোলোতে যাওয়ার লড়াই করছে দলগুলো। ঘরের মাঠে গ্রুপ চ্যাম্পিয়ন লেস্টার সিটির সঙ্গে আজ জিততেই হবে ইকার ক্যাসিয়াসের পোর্তোকে, না হলে নিজেদের ম্যাচে জিতলে কোপেনহেগেন উঠে যাবে শেষ ষোলোতে। মুখোমুখি লড়াইয়ে পোর্তোর চেয়ে এগিয়ে কোপেনহেগেন। সেভিয়ার অবশ্য চ্যালেঞ্জটা অত বড় নয়, শুধু লিওঁর মাঠে দুই গোল বা তার বেশি ব্যবধানে না হারলেই চলবে। এএফপি, উয়েফাডটকম।
আজ মুখোমুখি
জুভেন্টাস-জাগরেব
লিঁও-সেভিয়া
পোর্তো-লেস্টার
ব্রুগা-কোপেনহেগেন
লেগিয়া-স্পোর্টিং সিপি
রিয়াল মাদ্রিদ-ডর্টমুন্ড
টটেনহাম-সিএসকেএ
লেভারকুসেন-মোনাকো
* সব ম্যাচ রাত পৌনে দুইটায় শুরু।
** প্রথমে স্বাগতিক দল।