রেকর্ড নিয়ে ভাবেন না এনরিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ মাথা নিচু করে ডাগ-আউট ছাড়ার স্মৃতিটা লুইস এনরিকের মনে আছে? সেই অক্টোবরের পর আরও তিন মাস কেটে গেছে, বার্সেলোনা কোচ একটু স্মৃতিভ্রষ্ট হয়ে পড়লে তাঁকে দোষ দেওয়া যাবে না। পরশু অবশ্য সেভিয়া সেই স্মৃতিটাই মনে করিয়ে দিতে চেয়েছিল, বার্সার সর্বশেষ পরাজয়টা যে তাদের বিপক্ষেই! তবে শেষ পর্যন্ত পারেনি। পিছিয়ে পড়েও ২-১ গোলে ম্যাচটা জিতে বার্সেলোনা ছুঁয়ে ফেলেছে সব ধরনের প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।

নিজেদের রেকর্ডটা বার্সা পেরিয়ে গিয়েছিল আরও ৬ ম্যাচ আগেই। সেভিয়ার সঙ্গে জয়ে এবার স্প্যানিশ রেকর্ডটাও ছোঁয়া হয়ে গেল। আগামী পরশু রায়ো ভায়েকানোর সঙ্গে অপরাজিত থাকলেই নতুন রেকর্ড হয়ে যাবে। এ মুহূর্তে সেটা না হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার বলে মনে হচ্ছে। তবে এনরিকে এসব নিয়ে একরকম নির্লিপ্তই, ‘রেকর্ড আসলে কিছুই নয়। আমরা শিরোপা জিতলে এসব নিয়ে কথা বলা যেতে পারে, তার আগে এসব নিয়ে কিছু বলার কোনো মানে হয় না।’ জেরার্ড পিকের কণ্ঠেও কোচের কথার প্রতিধ্বনি, ‘আমরা ভালো ফর্মে আছি, কিন্তু রেকর্ড দিয়ে কিছুই হয় না। দিন শেষে শিরোপা দিয়েই সবকিছু বিচার করা হয়।’

অবশ্য লিগে বার্সা যেভাবে ছুটছে, এনরিকে চাইলে শিরোপা নিয়ে কথা শুরু করে দিতে পারেন। অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে বার্সা এখন ৮ পয়েন্ট এগিয়ে, রিয়াল মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্টে। এনরিকে যত তাড়াতাড়ি সম্ভব এখন শিরোপা নিশ্চিত করে ফেলতে চান, ‘আমরা মৌসুমের প্রথম দিন থেকেই শিরোপা চেয়েছিলাম। এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য, আর এখন আমরা ভালো একটা অবস্থানেই আছি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের পয়েন্টগুলো নিয়ে নিতে হবে।’

সেভিয়া অবশ্য এ মৌসুমে প্রতিবারই বার্সাকে ভুগিয়েছে। উয়েফা সুপার কাপে রুদ্ধশ্বাস এক ম্যাচে ৫-৪ গোলে হারিয়েছিল বার্সাকে, এর পর লা লিগায়ও নিজেদের মাঠে হারিয়েছে। এনরিকে তো বলেই দিয়েছেন, ‘আমার মনে হয়, ওরাই আমাদের সবচেয়ে বেশি ভুগিয়েছে। এমনকি আমাদের মাঠেও।’

এক দিক দিয়ে শুরুতে পিছিয়ে পড়াটাই যেন বার্সার জন্য এখন শাপেবর। প্রথম গোল খাওয়ার পরই বার্সেলোনা এই মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে। পিকে মনে করিয়ে দিলেন, এই বার্সা অন্য ধাতে গড়া, ‘এক গোল পিছিয়ে ফেরা সব সময়ই কঠিন। আমাদের এখনো বেশ কিছু ম্যাচ বাকি আছে, সবাই অনেক পরিশ্রমও করছে।’ এএফপি, মার্কা, গোলডটকম।