রেকর্ড পয়েন্টের হাতছানি বসুন্ধরা কিংসের সামনে

বসুন্ধরাকে এগিয়ে দেওয়ার আনন্দ রবিনিওরছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ম্যাচ হাতে রেখেই এবারের প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে ফেলেছে বসুন্ধরা কিংস। এরপরও ঘরোয়া ফুটবলের পারফরম্যান্সে এতটুকু ছন্দপতন হয়নি দলটির। প্রতি ম্যাচেই পুরো শক্তির দল নিয়েই খেলছে তারা। শিরোপা নিশ্চিত করার পরও প্রতিটি ম্যাচেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে।

আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্রকে। একমাত্র গোলটি করেছেন রবসন রবিনিও।

বসুন্ধরার জোনাথন গোলমুখে ক্রস ফেলার চেষ্টা করছেন
ছবি: বাফুফে

এই জয়ে ঘরোয়া ফুটবলে একটা রেকর্ড হাতছানি দিচ্ছে বসুন্ধরা কিংসকে। সেটা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড।

এখন পর্যন্ত ২৩ ম্যাচে বসুন্ধরার সংগ্রহ ৬৪ পয়েন্ট। ২০ সেপ্টেম্বর লিগের শেষ ম্যাচটি আবাহনীর বিপক্ষে। ওই ম্যাচ জিততে পারলে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছোঁবে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। রেকর্ডটা বর্তমানে আবাহনীর অধিকারে।

বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন সাফে বাংলাদেশ দলের কোচ হচ্ছেন, আজ ম্যাচ চলাকালেই এসেছে সে খবর
ছবি: বাফুফে

২০০৯-১০ মৌসুমে ২৪ ম্যাচে ৬৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। বসুন্ধরা কিংস এবারের লিগে মাত্র একটি ম্যাচই হেরেছে, চট্টগ্রাম আবাহনীর কাছে। ড্র করেছে একটি ম্যাচ। সেটা শেখ জামালের সঙ্গে।

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনের জন্য আজকের দিনটি বেশ স্মরণীয়ই ছিল বলতে হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ এই স্প্যানিশ কোচ যখন বসুন্ধরার ডাগআউটে, তখনই তাঁকে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে বাফুফে।

আক্রমণে বসুন্ধরার গোলদাতা রবিনিও
ছবি: বাফুফে

অক্টোবরে মালদ্বীপে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে জেমি ডে থাকছেন না প্রধান কোচের দায়িত্বে। তাঁকে সরিয়ে বাফুফে কর্মকর্তারা দায়িত্বটা তুলে দিয়েছেন বসুন্ধরা কিংস কোচ ব্রুজোনের হাতে। তবে বাংলাদেশ দলের দায়িত্ব তিনি নেবেন প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর।

ম্যাচ শেষে জাতীয় দলের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে কোনো কথা বলতে চাইলেন না ব্রুজোন। সোজা হেঁটে গেলেন ড্রেসিংরুমের দিকে।