রেকর্ড ভাঙা গড়ার রাত
পরশু ন্যু ক্যাম্পে সেভিয়াকে হারিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ডটি ছুঁয়েছে বার্সেলোনা। তবে একই রাতে ইউরোপে রেকর্ড ভাঙা-গড়ার খেলা হয়েছে আরও কয়েকটি। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস গড়েছে লিগ শিরোপা জেতার রেকর্ড। ভেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে রেকর্ড ৪৩তম বারের মতো লিগ জিতল গ্রিক চ্যাম্পিয়নরা।
অবশ্য গ্রিক সুপার লিগকে নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছে দলটি। সর্বশেষ ২০ মৌসুমে এটি তাদের ১৮তম লিগ শিরোপা। সেটিও এল আবার আরেকটি রেকর্ড গড়ে। এবার ছয় ম্যাচ বাকি রেখে গ্রিক সুপার লিগ জিতেছে অলিম্পিয়াকোস, এপ্রিলে শেষ হতে যাওয়া লিগে এই প্রথম কোনো দল ফেব্রুয়ারিতেই শিরোপা নিশ্চিত করল!
প্যারিস সেন্ট-জার্মেইয়ের গল্পটা অবশ্য রেকর্ড হাতছাড়া করার। পরশু অলিম্পিক লিওঁর কাছে ২-১ গোলে হেরেছে পিএসজি। এর ফলে ফ্রেঞ্চ লিগে তাদের টানা অপরাজিত থাকার রেকর্ডটি থামল ৩৬ ম্যাচেই। ২০১৫ সালের ১৫ মার্চের পর এই প্রথম লিগ ওয়ানে হারল লরা ব্লাঁর দল। এই হারের সঙ্গে সঙ্গে আরেকটি রেকর্ডও হাতছাড়া হয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের। ১৯৯৪-৯৫ মৌসুমে নঁতে টানা ৩২ ম্যাচ অপরাজিত ছিল। এই মৌসুমে পিএসজির না-হারার দৌড়টা থেমে গেল ২৭ ম্যাচেই। রয়টার্স।