রেকর্ড 'ভোগাচ্ছে' মেসিকে?

মাস খানেক ধরে লা লিগায় বার্সেলোনার ম্যাচের আগে সংবাদমাধ্যমে একটি অভিন্ন শিরোনাম: ‘আজই জারার পাশে মেসি?’ ছয় দশক আগে তেলমো জারা স্প্যানিশ লিগে করেছিলেন ২৫১টি গোল। ৬০ বছর ধরে অ্যাথলেটিক বিলবাওয়ের কিংবদন্তি খেলোয়াড়ের রেকর্ডটা অক্ষুণ্ন আছে। সেটি এখন ভেঙে যাওয়ার প্রান্তে। কিন্তু যাঁর ভাঙার কথা, সেই মেসি ক্রমেই অপেক্ষা বাড়াচ্ছেন ভক্ত-সমর্থকদের।
টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ মেসি। লিগে বার্সা ফরোয়ার্ডের সর্বশেষ গোলটি এসেছিল ১৮ অক্টোবর এইবারের বিপক্ষে। সেদিন লিগে ২৫০ গোল হয়ে যায় মেসির। আর মাত্র একটা গোল করলেই ছুঁয়ে ফেলবেন লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা জারাকে। অথচ এই একটা গোলের জন্য মেসিকে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। শুধু তা-ই নয়, মেসির গোলশূন্য থাকা গত তিন ম্যাচের দুটিতেই হেরেছে বার্সা। এমনকি গতকাল আলমেরিয়ার বিপক্ষেও পরাজয়ের শঙ্কা ছিল ৭২ মিনিট পর্যন্ত। অবশেষে নেইমার-জর্ডি আলবায় উদ্ধার হয় লুইস এনরিকের দল।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি রেকর্ডের কথা ভেবে চাপ অনুভব করছেন মেসি? ২৫ অক্টোবর ‘এল ক্লাসিকো’তেই বার্সা তারকার সুযোগ ছিল জারার রেকর্ডে ভাগ বসানোর। ম্যাচের আগে মেসি বলেছিলেন, ‘রেকর্ড আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকো এবং তাতে ভালো খেলা ও জেতা।’ সেই ম্যাচ জিততে পারেননি, পরের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষেও তাঁর দল হেরেছে।
অবশ্য মেসির অপেক্ষা বাড়ায় হয়তো অন্যলোকে বসে খুব মজাই পাচ্ছেন জারা। ঐতিহ্যবাহী ফুটবল লিগ লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মুচকি হেসে হয়তো বলছেন, ‘থাকুক না রেকর্ডটা আমার দখলে আরও কিছুদিন!’ মার্কা।