রেকর্ডটা মামুনুলেরই থাকছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙনের শব্দটা তিনি আগেই শুনেছেন! তাই অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন বসলেন নড়েচড়ে। জাতীয় দলের ক্যাম্প থেকে বের করে নেন নিজ দলের ১০ খেলোয়াড়কে। তারপর তো খেলোয়াড়দের নিয়ে শেখ জামাল ধানমন্ডির সভাপতি মনজুর কাদেরের সেই আলোচিত মধ্যাহ্নভোজ। খেলোয়াড়দের তিনি বোঝালেন, শেখ জামালেই থেকে যেতে। কিন্তু তাতে কাজ হয়েছে বলে আপাতত মনে করার কারণ নেই। শেখ জামালের ভাঙন দিনে দিনে বরং স্পস্টই হয়ে উঠছে।
মনজুর কাদের যাঁদের নিয়ে মধ্যাহ্নভোজ করলেন, সেই খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ‘বড়জন’ মামুনুল ইসলামই দলবদল করছেন বলে কাল জোর খবর ছড়িয়ে পড়ল ফুটবল অঙ্গনে। ২৬ ডিসেম্বর শুরু দলবদল সামনে রেখে চট্টগ্রাম আবাহনী হাত বাড়িয়েছে জাতীয় দলের অধিনায়কের দিকে। দেশসেরা এই মিডফিল্ডারকে এবার ৫০ লাখ টাকা দিতে চেয়েছে লিগ রানার্সআপ শেখ রাসেল। হঠাৎ ‘মানি ইজ নো প্রবলেম’ তত্ত্ব নিয়ে মাঠে নামা চট্টগ্রাম আবাহনী হাঁকিয়েছে ৫৫ লাখ টাকা। অঙ্কটা শেষ পর্যন্ত ৬০ লাখও হয়ে যেতে পারে বলে আভাস।
এখন পর্যন্ত মামুনুল নাকি ঝুঁকে আছেন নিজের শহরের ক্লাবটির দিকেই। তবে ফুটবলারদের দলবদলে ‘শেষ কথা’ বলে কিছু নেই মনে করিয়ে দিয়ে চূড়ান্ত কথা এখনই বলতে নারাজ মামুনুল, ‘শেখ জামালের কাছে ১২ লাখ টাকা পাব। সেই টাকা নিয়ে তারপর ঠিক করব পরবর্তী করণীয়।’ এক বছর আগে শেখ জামালের সঙ্গে সর্বোচ্চ ৪০ লাখ টাকায় চুক্তি করেছিলেন। এবার যে দলেই নাম লেখান, এটা নিশ্চিত নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। ঘরোয়া ফুটবলারদের মধ্যে পারিশ্রমিকের দিক থেকে তিনিই থাকছেন শীর্ষে। ফুটবলের জন্য সুখের খবর হলো, মামুনুলকে কেন্দ্র করে অন্তত কিছুটা হলেও দলবদলের উত্তাপ মিলছে, যা হারিয়ে গিয়েছিল বেশ আগেই।
শীর্ষস্থানীয় আরও কিছু খেলোয়াড় নিয়ে এবার বড় দল গড়ছে চট্টগ্রাম আবাহনী। কয়েক দিন আগে সফল শেখ কামাল টুর্নামেন্ট আয়োজন করা দলটি জাহিদ, নাসির উদ্দিন চৌধুরীর দাম নাকি ৪৫-৫০ লাখে মতো তুলেছে। রেজাউল, রায়হান, ইব্রাহিম, আশরাফুল রানাদেরও দলটি নিচ্ছে বলে খবর। তকলিচকে আগেই নিশ্চিত করেছে। শেখ রাসেলও বেশ কয়েকজনকে বড় অঙ্কে নিশ্চিত করেছে, বসে নেই আবাহনীও। এমিলিসহ শীর্ষস্থানীয় কয়েকজনকে আসছে মৌসুমে দেখা যাবে আকাশি নীলে।
একসময় ফুটবলারদের দলবদলে ক্লাব কর্মকর্তারা টাকার থলে নিয়ে হাঁটতেন। কাঙ্ক্ষিত খেলোয়াড়কে পেতে তাঁদের চোখে ঘুম থাকত না। জনশ্রুতি আছে, নব্বইয়ের দশকে মোনেম মুন্নাকে ২৪ লাখ টাকা প্রস্তাব দিয়েছিল মোহামেডান। কিন্তু লাখ দুয়েক কম টাকায় আবাহনীতেই থেকে যান দেশের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। সে সময় ফুটবলারদের দলবদলে এটি ছিল রেকর্ড। নব্বইয়ের দশকের ২০-২২ লাখ টাকার মূল্য আজকের দিনে অনেক। আজকের সঙ্গে সেটির তুলনা চলে না। লক্ষণীয় হলো, ঘরোয়া ফুটবল জৌলুশ হারালেও শীর্ষ ফুটবলারদের বাজার ঊর্ধ্বমুখী। খেলোয়াড় কম থাকায় তাঁদের নিয়ে দলবদলের অনেক আগে থেকেই কাড়াকাড়ি চলে তিন-চারটি ক্লাবের মধ্যে। ফলে পারিশ্রমিক বেড়ে যায়।