শিরোপাটা বায়ার্ন মিউনিখ জিতবে, তা ভবিতব্যই ছিল। তবে সেটির উদ্যাপনের জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারত না।
দুই সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন থেমে গেছে কোয়ার্টার ফাইনালে। তারপর গত সপ্তাহে এল জার্মান কাপের ধাক্কা, ঘরের মাঠে সেমিফাইনালে বায়ার্ন হারল বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। দুটি কাপের দুঃখ ভোলা তো সম্ভব নয়, তবে কার্লো আনচেলত্তির দলের ক্ষতে কিছুটা প্রলেপ হয়ে এল লিগ শিরোপা।
পরশু নিজেদের ম্যাচে ড্র করে ডর্টমুন্ড ও আরবি লাইপজিগ, তাতে বায়ার্নের সামনে সমীকরণ দাঁড়ায়—জিতলেই শিরোপা। অনুপ্রেরণার জন্য আর কী লাগে! এই মৌসুমে ধুঁকতে থাকা ভলফ্সবুর্গকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে লাম-লেভানডফস্কিরা পেলেন কাঙ্ক্ষিত তিনটি পয়েন্ট। তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা, তাতে গড়া হলো রেকর্ডও।
আসলে নিজেদের রেকর্ডটাই আরও এগিয়ে নিয়ে গেল বায়ার্ন। গত মৌসুমের লিগ শিরোপাটাই ছিল তাদের রেকর্ড টানা চতুর্থ, এবার হয়ে গেল টানা পাঁচে পাঁচ।
কিন্তু রেকর্ড গড়া শিরোপার আনন্দেও বায়ার্নে যেন একটু হতাশার ছোঁয়া। হাতছাড়া হয়ে যাওয়া দুটি শিরোপার জন্য আক্ষেপ। বায়ার্নের মতো দল একটা শিরোপায় কি আর খুশি হতে পারে! এই তো, টানা দুটি কাপ থেকে বেরিয়ে যাওয়ার পর দিন দুয়েক আগে আনচেলত্তির চাকরি নিয়েই শুরু হয়েছিল হালকা কানাঘুষা। বায়ার্ন সভাপতি উলি হোয়েনেস তখন কোচের প্রতি নিজেদের আস্থার কথা জানিয়ে এটাও বলে দেন, ‘দীর্ঘ মেয়াদের কথা ভাবলে, একটা শিরোপা বায়ার্নের জন্য খুবই কম পাওয়া!’
এমন মনে হওয়ার আরেকটা কারণ হতে পারে এই, লিগ শিরোপাটা যে বলতে গেলে বায়ার্নের ‘স্থায়ী সম্পত্তি’ হয়ে গেছে। টানা পাঁচবার জয়, সব মিলিয়ে বুন্দেসলিগায় বাভারিয়ানরা জিতল ২৭ বার। দ্বিতীয় সর্বোচ্চ নুরেমবার্গের চেয়ে ১৮ বার বেশি! এই মৌসুমেও দেখুন, এখন পর্যন্ত লিগে বায়ার্ন ম্যাচ হেরেছে মাত্র দুটি। গোল খেয়েছে মাত্র ১৭টি, করেছে ৭৯টি। পরশুও যেমন পেল ৬ গোল। প্রথমার্ধেই তিনটি, ডেভিড আলাবার দুর্দান্ত ফ্রি-কিকের পর রবার্ট লেভানডফস্কির জোড়া গোল। আর দ্বিতীয়ার্ধে লুইজ গুস্তাভো লাল কার্ড দেখায় ১০ জনের হয়ে পড়া ভলফ্সবুর্গের জালে আরও তিনবার বল জড়ান আরিয়েন রোবেন, টমাস মুলার ও জশুয়া কিমিখ।
বায়ার্নে নিজের প্রথম মৌসুমেই এত তাড়াতাড়ি শিরোপাটা নিশ্চিত করে আনচেলত্তি খুশি। ইতালি, ইংল্যান্ড, স্পেনের পর এবার জার্মান লিগও যোগ হলো তাঁর ‘সিভি’তে। তবে ইতালিয়ান কোচের প্রতিক্রিয়াটা একটু নিরাবেগই, ‘শিরোপাটা আমাদের প্রাপ্য ছিল, আমরা সুন্দর ফুটবল খেলেছি।’ অন্য দুটি টুর্নামেন্ট জিততে না পারার হতাশা থেকেই কি এত নির্বিকার আনচেলত্তি? হয়তো, তবে সংবাদ সম্মেলনে প্রশ্নটা এড়িয়ে গেছেন বায়ার্ন কোচ, ‘এখন শুধুই উদ্যাপনের সময়। এরপর আমরা আগামী মৌসুমের জন্য যতটা ভালোভাবে সম্ভব প্রস্তুতি নেব।’
লিগ তো বটেই, আগামী মৌসুমে তিন টুর্নামেন্টের শিরোপা হাতে উদ্যাপনের ছবি সম্ভবত আঁকতে শুরু করে দিয়েছেন আনচেলত্তি। এএফপি, বিবিসি।