রেকর্ডের পর ইব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড গড়া গোল উদ্‌যাপনে ইব্রাহিমোভিচের অন্য বার্তা l এএফপি
রেকর্ড গড়া গোল উদ্‌যাপনে ইব্রাহিমোভিচের অন্য বার্তা l এএফপি

প্রীতি ম্যাচের মেলায় পরশু সুইডেনের সোলনায় মুখোমুখি হয়েছিল সুইডেন-এস্তোনিয়া। যে ম্যাচে জোড়া গোল করে জ্লাতান ইব্রাহিমোভিচ সুইডেন কিংবদন্তি সভেন রাইডেলকে টপকে গড়েছেন দেশের পক্ষে সর্বোচ্চ ৫০ গোলের রেকর্ড। সুইডেনও ম্যাচটা জিতেছে ২-০ গোলে। ১৯৭৫ সালে ওপারে চলে যাওয়া রাইডেল ১৯২৩ থেকে ১৯৩২ সাল পর্যন্ত ৪৩ ম্যাচে করেছিলেন ৪৯ গোল। ৮২ বছর পর ইব্রা তা ভেঙে দিলেন নিজের ৯৯ তম ম্যাচে। তৃতীয় মিনিটেই রাইডেলের রেকর্ড ছুঁয়ে ফেলার পর ২৪ মিনিটে ছাড়িয়ে যান। দ্বিতীয় গোলের পর তাঁর উদ্যাপন দেখে মনে হতেই পারে ইব্রা বুঝি আগে থেকেই জানতেন, রেকর্ডটা গড়তে যাচ্ছেন তিনি। নয়তো টি-শার্টে ‘৫০ গোল’ কথাটা লিখে রাখবেন কেন? রেকর্ড গড়া গোলের পরই ওপরের জার্সিটা খুলে ফেলেন পিএসজির সুইডিশ স্ট্রাইকার। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা বিস্ময়ভরে দেখে, ইব্রার নিচের টি-শার্টের পেছনে বড় করে লেখা ‘৫০ গোল’। আর সামনে লেখা ‘তুমি বলেই এটা পারলে।’ জার্সি খুলে ফেলায় হলুদ কার্ড অবশ্য দেখতে হয়েছে সঙ্গে সঙ্গেই। ইব্রার তাতে বয়েই গেছে! এএফপি।