রেকর্ডের ম্যাচে রিয়ালের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বের সেরা ম্যাচটা শেষ দিনের জন্যই জমিয়ে রেখেছিল চ্যাম্পিয়নস লিগ!
চোখের পলকে বল মাঠের এমাথা থেকে ওমাথা, প্রচণ্ড গতি, দুই দলের দুর্দান্ত পাসিং ফুটবল...কী ছিল না পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে! শেষ পর্যন্ত হৃদয় অবশ্য বার্নাব্যুর দর্শকদেরই ভেঙেছে, ৮৮ মিনিটে মার্কো রয়েসের গোলে। জার্মান উইঙ্গারের গোলটির সৌজন্যেই বরুসিয়া ডর্টমুন্ড শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের মাঠ থেকে ২-২ গোলে ড্র নিয়ে ফিরেছে। এতে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে উঠেছে রিয়াল, ডর্টমুন্ড হয়েছে গ্রুপসেরা।
অন্য ম্যাচে ডায়নামো জাগরেবকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। প্রত্যাশিত জয়ের চেয়েও জুভের জন্য স্বস্তি, ২ নভেম্বরের পর এই ম্যাচে এসে আবার গোলের দেখা পেয়েছেন গঞ্জালো হিগুয়েইন। আর পোর্তোর মাঠে ৫-০ গোলের লজ্জা পেয়েছে খর্বশক্তির লেস্টার, অবশ্য আগেই গ্রুপের শীর্ষ স্থান নিশ্চিত হয়ে গিয়েছিল ক্লদিও রানিয়েরির দলের।
পরশু বার্নাব্যুতে দর্শকদের মন ভাঙার পাশাপাশি রয়েসের গোল ভেঙেছে একটি রেকর্ডও! চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে এত দিন সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছিল ২০ গোলের। পরশু সেটি ছাড়িয়ে ২১ গোলের নতুন রেকর্ড লিখল ডর্টমুন্ড। প্রতিপক্ষের রেকর্ড গড়ার দিনে রিয়ালও একটি ক্লাব রেকর্ড ছুঁয়েছে। এ নিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত জিনেদিন জিদানের দল, ছুঁয়েছে ১৯৮৮-৮৯ মৌসুমে লিও বেনহ্যাকারের রিয়ালের গড়া রেকর্ড।
তাতেও কি সন্তুষ্ট হতে পারছেন রিয়াল কোচ? ম্যাচে বেশি সুযোগ পেয়েছে রিয়ালই। রোনালদোর শট ফিরেছে পোস্টে লেগে, বেনজেমার শট গোললাইন থেকে ফিরিয়েছেন রয়েস! ডর্টমুন্ড গোলকিপার রোমান ভাইডেনফেলার তো যেন পণ করে নেমেছিলেন, চীনের প্রাচীরের ‘মানুষ’ রূপে দেখা দেবেন। রোনালদো-বেনজেমা-রামোসদের শট ঠেকিয়ে গেছেন অবলীলায়।
দুই অর্ধে দুবার ভাইডেনফেলারকে ফাঁকি দিয়েছেন করিম বেনজেমা। তাতে জয়ও দেখছিল রিয়াল। কিন্তু ৬০ মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে ব্যবধান কমায় ডর্টমুন্ড। আর ম্যাচ শেষের দুই মিনিট আগে রয়েস হৃদয় ভাঙেন বার্নাব্যুর।
জিতলে গ্রুপ শীর্ষে, এমন ম্যাচে এভাবে ড্র! রাগ লুকাতে পারেননি রিয়াল কোচ জিদান, ‘দ্বিতীয়ার্ধটা যেভাবে গেছে, তাতে রাগ হচ্ছে। তৃতীয় গোলটি করার অনেক সুযোগ আমরা পেয়েছিলাম। কিন্তু সেটা অতীত। এখন চাইলেও আর গোল করা যাবে না।’
গ্রুপে দ্বিতীয় হওয়ায় আগামী সোমবার শেষ ষোলোর ড্রতে রিয়াল পাবে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলোর কোনোটিকে। তবে একটি দলকে নিয়েই ‘আপত্তি’ জিদানের, ‘জুভেন্টাসকে পেতে চাই না, দুটি কারণে।’
একটি কারণ, জুভেন্টাস শক্তিশালী দল। অন্যটি? ২০০১ সালে রিয়ালে আসার আগে যে জুভের সাদা-কালোতেও অনেক স্মৃতি আছে জিদানের। এএফপি, রয়টার্স।
শেষ ষোলোর ১৬
গ্রুপ চ্যাম্পিয়ন: আর্সেনাল, নাপোলি, বার্সেলোনা, অ্যাটলেটিকো, মোনাকো, ডর্টমুন্ড, লেস্টার, জুভেন্টাস।
গ্রুপ রানার্সআপ: পিএসজি, বেনফিকা, ম্যান সিটি, বায়ার্ন, লেভারকুসেন, রিয়াল, পোর্তো, সেভিয়া।
এক নজরে
জুভেন্টাস ২: ০ জাগরেব
লিঁও ০: ০ সেভিয়া
পোর্তো ৫: ০ লেস্টার
ব্রুগা ০: ২ কোপেনহেগেন
লেগিয়া ১: ০ স্পোর্টিং
রিয়াল মাদ্রিদ ২: ২ ডর্টমুন্ড
টটেনহাম ৩: ১ সিএসকেএ
লেভারকুসেন ৩: ০ মোনাকো