রেকর্ডের রাতে বাতিগোলকে ছুঁয়ে ফেললেন মেসি

বাতিগোল, গ্যাব্রিয়েল বাতিস্তুতার ডাকনাম। সেই বাতিগোলই এত দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার গোলদাতার রেকর্ডে বাতিঘর হয়ে ছিলেন। আজ সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি। কোপা আমেরিকা শুরুর আগে বাতিস্তুতার চেয়ে চার গোল পেছনে ছিলেন। পানামা ম্যাচে ১৯ মিনিটে হ্যাটট্রিকের পর আজ দলের তৃতীয় গোলটি করলেন। ৬০তম মিনিটে করা গোলটাই মেসিকে বসিয়ে দিল বাতিস্তুতার পাশে। দুজনের গোলই এখন ৫৪টি। সেমিফাইনালেই কি রেকর্ডটা একার করে নেবেন মেসি?
বুধবারের সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির দর্শকেরা এবার সবচেয়ে বেশি মেসি নামে স্লোগান দিয়েছে। ফুটবল যে দেশে সকার নামে পরিচিত, সেই দেশের রাগবি-বেসবল-বাস্কেটবল-পাগল অনেকে টিকিট কেটেছে যে শুধু এই জাদুকরকে দেখার জন্য। এমনকি মেসি বেশির ভাগ সময় ডাগআউটে বসে থাকার পরও এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি জয়ধ্বনি কুড়িয়েছেন। এবার সেই মেসির সামনেই যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা সেই মেসি এখন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাও।
শুধু তো গোলে মেসির পরিচয় নয়, মেসি গোল করে-করিয়েই ম্যাচের ভাগ্য ঠিক করে দেন। আজও যেমন ভেনেজুয়েলার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ৪-১ গোলে জয়ে দুটি গোল তাঁর বানিয়ে দেওয়া। অবশ্য ম্যাচের সত্যিকারের নায়ক যদি বলতে হয়, তিনি সার্জিও রোমেরো, আর্জেন্টিনার গোলকিপার। গত সেপ্টেম্বর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বেঞ্চে বসে থাকা রোমেরো এবারও দেয়াল তুলে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার গোলপোস্টে।
মেসি নিজেও রোমেরোর পিঠ চাপড়ে দিলেন যোগ্য অধিনায়কের মতো। আর্জেন্টিনার মতো দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অবশ্যই বিরাট এক অর্জন। তবে এসব ব্যক্তিগত অর্জনের সব তিনি দিয়ে দিতে রাজি সেই অধরা সব ট্রফির জন্য, যেগুলোর একটিও গত ২৩ বছরে জেতেনি আর্জেন্টিনা!
আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা
| নাম | ম্যাচ | গোল |
| গ্যাব্রিয়েল বাতিস্তুতা | ৭৮ | ৫৪ |
| লিওনেল মেসি | ১১১ | ৫৪ |
| হারনান ক্রেসপো | ৬৪ | ৩৫ |
| ডিয়েগো ম্যারাডোনা | ৯১ | ৩৪ |
| সার্জিও আগুয়েরো | ৭৬ | ৩৩ |