রেকর্ডের রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো
রোনালদো

একটা ম্যাচ থেকে আর কীই-বা পেতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো? গ্রানাডার সঙ্গে ৫ গোলের স্মৃতিটা তো মাস পাঁচেক আগের। পরশু এসপানিওলের সঙ্গে আবার সেই কীর্তির মহিমা বেড়ে যাচ্ছে আরেকটি কারণে। রাউলকে পেরিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় সবচেয়ে বেশি গোল এখন রোনালদোরই। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাও এখন একদম কাছে, চাই আর মাত্র ৬ গোল!
রিয়ালের হয়ে এক ম্যাচে ৫ গোল করেছেন আরও ছয়জন। তবে একাধিকবার তা করতে পেরেছেন শুধুই রোনালদো। রিয়ালের জার্সি গায়ে প্রতিপক্ষের মাঠে গিয়ে ৫ গোলও এই প্রথম। ১৯২৯ সালে রিয়ালের গ্যাসপার রুবিও-ও অবশ্য প্রতিপক্ষের মাঠে ৫ গোল দিয়েছিলেন, তবে সেটি ছিল মাদ্রিদের আঞ্চলিক প্রতিযোগিতায়। রোনালদোর ৫ গোলের প্রথম কীর্তিটা গত মৌসুমেই। তাঁর আগে লা লিগায় পর পর দুই মৌসুমে ৫ গোলের এই কীর্তি ছিল মাত্র দুজনের। তা অনেক দিন আগের কথা। সেভিয়ার হয়ে গিলের্মো কাম্পানাল (১৯৪০-৪১, ১৯৪১-৪২) ও অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে তেলমো জারা (১৯৪১-৪২, ১৯৪২-৪৩) এই কীর্তি করেছিলেন প্রায় একই সময়ে। ৫ গোলে লুকিয়ে থাকা হ্যাটট্রিক মেসির সঙ্গে আবারও মিলিয়ে দিয়েছে রোনালদোকে। স্প্যানিশ ফুটবলে সবচেয়ে বেশি ৩২টি হ্যাটট্রিক এখন এই দুজনের। লা লিগায় অবশ্য রোনালদোই এগিয়ে। তাঁর হ্যাটট্রিক ২৮টি, মেসির ২৪টি।
এমন একটা অর্জনের রাতে সতীর্থরা রোনালদো-বন্দনায় মুখর হবেনই। গোলরক্ষক কেইলর নাভাস যেমন বললেন, ‘অবিশ্বাস্য একজন খেলোয়াড়। সবাই জানে সে বিশ্বের সেরা।’ লা লিগায় নতুন না হলেও কোচ রাফায়েল বেনিতেজ প্রথম দেখলেন রোনালদো-জাদু। স্বাভাবিকভাবেই তাঁর কথাটা বাড়তি একটু গুরুত্ব পাবে, ‘সংখ্যাই তো ওর হয়ে কথা বলছে। এত গোল করলে ইতিহাসে অবশ্যই তার একটা জায়গা থাকবে। আমি আশা করব, সে নিজের ও দলের জন্য এমন গোলবন্যা বইয়ে যাবে।’
সেই সুযোগ আসছে আগামীকালই। শাখতার দোনেৎস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ অভিযান। ম্যাচটি বার্নাব্যুতে, যেখানে এই মৌসুমে খেলা একমাত্র ম্যাচটিতে রোনালদোর গোল নেই। রোনালদোর মাথায় এটি না থেকে পারেই না! গোলডটকম।
রিয়াল মাদ্রিদের সেরা পাঁচ

 গোল  ম্যাচ
ক্রিস্টিয়ানো রোনালদো২৩০ ২০৩
রাউল গঞ্জালেজ২২৮৫৫০
আলফ্রেডো ডি স্টেফানো ২১৬২৮২
কার্লোস সান্তিয়ানা১৮৬৪৬১
হুগো সানচেজ ১৬৪২০৭