রেকর্ডের সামনে থেকেও কাকার মুখে নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাকা
কাকা

প্রথমে দলে ছিলেন না। লিভারপুল মিডফিল্ডার ফিলিপে কুতিনহো চোট পাওয়ায় হঠাৎই খুলে গেছে দরজা। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচের ব্রাজিল দলে ডাক পেয়েছেন কাকা। সেটাই তাঁকে দাঁড় করিয়ে দিয়েছে দারুণ এক অর্জনের সামনে। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি ৩৩ বছর বয়সী এ মিডফিল্ডারের সামনে।
বিশ্বকাপের বাছাইপর্বে কাকার ১০ গোল। ১১ গোল নিয়ে বাছাইপর্বে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা যৌথভাবে রোমারিও ও জিকোর। এ দুজনকে পেরিয়ে যাওয়ার সুযোগ পেয়ে রোমাঞ্চিত অরল্যান্ডো সিটির মিডফিল্ডার, ‘আর মাত্র দুটি গোল করলেই আমি এমন একটা দলের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা হব, যে দলে কিংবদন্তি সব খেলোয়াড় খেলেছেন। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার।’
যদিও রেকর্ডটা হয়ে যাওয়ার পরও যে খুব বেশি দিন তাঁর থাকবে না, সেটাও নিশ্চিত কাকা। তা কে ভাঙবেন সেই রেকর্ড? এমন একজনের কথা বললেন কাকা, বিশ্বকাপ বাছাইপর্বে যাঁর কোনো গোলই নেই! অথচ কাকা অবলীলায় বলছেন, ‘আমার দুটি গোল লাগবে। কিন্তু আমি জানি, একদিন নেইমার এটা ভেঙে দেবে।’
ব্রাজিলের হয়ে ৬৭ ম্যাচে ৪৬ গোল করে ফেলেছেন নেইমার। এর একটিও যে বাছাইপর্বে নয়, এর কারণ বাছাইপর্বে খেলাই হয়নি তাঁর। ২০১০ বিশ্বকাপের পর নেইমারের ব্রাজিল দলে অভিষেক। ২০১৪ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার কারণে ব্রাজিলকে গতবার বাছাইপর্ব খেলতে হয়নি। এবারও নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপের বাছাইপর্বে খেলার অভিজ্ঞতা নিতে নেইমারকে অপেক্ষা করতে হচ্ছে ব্রাজিলের তৃতীয় ম্যাচ পর্যন্ত। গোলডটকম।