রেগে আছেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি সাধারণত খেপেন না। বার্সেলোনার বা আর্জেন্টিনার হয়ে কত কিছুর সাক্ষী হয়েছেন, কিন্তু নিজের ক্ষোভটা সব সময় সযতনে সামাল দিয়ে এসেছেন। সেই মেসিও যখন নিজের ক্ষোভটা প্রকাশ করে ফেলেন, বুঝে নিতে হয় কাল ভোরে উরুগুয়ের সঙ্গে ম্যাচের আগে আর্জেন্টিনা কতটা চাপে আছে!
মেসির খেপার কারণ আছে। ২ গোলে এগিয়ে থেকেও প্যারাগুয়ের সঙ্গে ড্র করতে হয়েছে। তাও আবার শেষ মুহূর্তে গোল খেয়ে। নিজের বিরক্তি চাপা দেওয়ার কোনো চেষ্টাই করেননি আর্জেন্টিনা অধিনায়ক, ‘২-০-তে এগিয়ে থেকেও ড্র করায় আমার খুবই রাগ হচ্ছে। এখন অবস্থাটা যেমন দাঁড়িয়েছে, উরুগুয়ের সঙ্গে আমাদের জিততেই হবে।’
আজ অবশ্য ড্র করলেও আর্জেন্টিনার আশা বেঁচে থাকবে। প্রতি গ্রুপের দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে, সেরা দুটি তৃতীয় দলও তাদের সঙ্গী হবে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন না হলে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে ব্রাজিলের সঙ্গে। আর্জেন্টিনা নিশ্চয়ই সেটা চাইবে না!
মেসির উদ্বেগের কারণ অবশ্যই রক্ষণ। এক বছর আগে বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণ ছিল দুর্দান্ত, নকআউট পর্বে শুধু ফাইনালেই বল ঢুকেছিল জালে। পরশু সেই রক্ষণকেই মনে হয়েছে খানিকটা দিগ্ভ্রান্ত। মেসি দ্বিতীয়ার্ধে পথ হারিয়ে ফেলাটাকেই দায়ী করছেন, ‘প্রথমার্ধে আমরা খেলাটা নিয়ন্ত্রণ করেছি, গোলও পেয়েছি। ম্যাচটা নিজেদের করে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ওরা ভালো খেলতে শুরু করার পরেই সবকিছু বদলে গেল।’ দুই স্ট্রাইকার তেভেজ-হিগুয়েইনকে বদলি হিসেবে খেলানোয় কোচ জেরার্ডো মার্টিনোর প্রবল সমালোচনা হচ্ছে। মেসি অবশ্য সেটি নিয়ে কিছু বলেননি।
উরুগুয়ে আর্জেন্টিনার চেনা মুখ বললেও কম বলা হবে। নিজেদের মধ্যে ১৮০টি ম্যাচ খেলেছে দুই দল। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ৮৪টি, উরুগুয়ে ৫৫টি আর ড্র হয়েছে ৪১ ম্যাচ। কোপায় সর্বশেষ দ্বৈরথে জিতেছিল উরুগুয়েই, আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনাল থেকে দিয়েছিল বিদায় করে। প্রথম ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা শুরুটা ভালোই করেছে। চেনা প্রতিপক্ষের সঙ্গে আজ জয় পেলে নিশ্চিত হয়ে যেতে পারে শেষ আটও। এএফপি, গোলডটকম।
মুখোমুখি আর্জেন্টিনা–উরুগুয়ে

 ম্যাচ আর্জেন্টিনা উরুগুয়ে ড্র
মোট ১৮০৮৪৫৫৪১
কোপা আমেরিকায় ৩০ ১৩ ১৩ ৪