
সেমিফাইনালে যাওয়ার সব আশা মাঠে নামার আগেই শেষ। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ওপর তাই বিন্দুমাত্র চাপ ছিল না। মনের আনন্দে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগই তাদের কাছে বড় হয়ে ওঠার কথা। বাংলাদেশের তরুণেরা আনন্দেই খেললেন, কিন্তু শেষ পর্যন্ত জুটল পরাজয়। তবে এটা ঠিক, তাঁদের অভিজ্ঞতার ভান্ডার আরেকটু ঋদ্ধ হলো।
জয়ের জন্য তরুণেরা ঝাঁপাননি বলে কেউ বদনাম করতে পারবেন না। কিন্তু কোনো গোলই যে আদায় করা গেল না। উল্টো একটা গোল করে জয় দিয়েই এই টুর্নামেন্ট শেষ করল কম্বোডিয়া।
এই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ও অলিম্পিক দল গ্রুপ পর্বে ছয়টি ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি। জাতীয় দল যশোরে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করলেও পরের দুটি ম্যাচেই করেছে ড্র। অলিম্পিক দল যশোরে বাহরাইনের সঙ্গে এগিয়ে গিয়েও ড্র করে পরের দুটিতে হারল। জয়ের হার খুবই কম হওয়ায় বাংলাদেশের জন্য সতর্কবার্তাই।
কাল শেষ ম্যাচে ইউসুফ সিফাত আর সজীব গোল করার মতো অবস্থায় পৌঁছেও পারলেন না। সজীবের শট লাগল পোস্টে। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারিয়ে নষ্ট হয়েছে আরও কিছু সুযোগ। মাথা ঠান্ডা রেখে বল জালে পাঠানোর বিচক্ষণতা দেখাতে পারেননি কেউ।
কিন্তু কম্বোডিয়ার তরুণেরা ঠিকই তা দেখাতে পেরেছেন। ৭২ মিনিটে তাদের গোলটি ছিল দেখার মতো। গোছানো আক্রমণ থেকে বাংলাদেশের রক্ষণকে ঘোল খাইয়ে এসেছে ওই গোল। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ‘নাম্বার টেন’ ভেনডেথ বলটা বের করে দিলেন, দারুণ প্লেসিংয়ে দিনা তিতের লক্ষ্যভেদ।
টুর্নামেন্টে এই জায়গায় এলোমেলো লাগল স্বাগতিক দলকে। জাতীয় দল ও অলিম্পিক দুই দলের ক্ষেত্রেই তা সমান প্রযোজ্য। অলিম্পিক দলটি পুরোদমে অনুশীলন করেছে দিন দশেক। ডিফেন্ডার রেজাউল করিমকে অধিনায়ক করে সিনিয়র কয়েকজন খেলোয়াড় নেওয়া হয়েছে দলে। কিন্তু সমন্বয় গড়ে না ওঠায় এর প্রভাব মাঠে পড়েছে ঠিকই।
এই টুর্নামেন্ট থেকে তাহলে বাংলাদেশ অলিম্পিক দলের প্রাপ্তি কী? বাংলাদেশ অলিম্পিক দলের স্প্যানিশ কোচ গঞ্জালো মরেনোর চোখে, ‘ছেলেরা গোটা তিনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এটাই তো অনেক বড় পাওয়া।’ বিকেলে মালদ্বীপ-বাহরাইনের ‘নাটক’ দেখে তাঁর মন খারাপ ছিল। সন্ধ্যায় অবশ্য হাসিমুখেই কম্বোডিয়া ম্যাচের পর বললেন, ‘আমি অখুশি নই। ছেলেরা চেষ্টা করেছে। হয়তো ফল আসেনি। কিন্তু প্রস্তুতিস্বল্পতাসহ সবকিছু বিবেচনায় নিলে টুর্নামেন্টে ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি।’
আগামী মাসে এসএ গেমস, সাফের মতো এসএ গেমসও বাফুফের অগ্রাধিকার তালিকায় আছে বলে মনে করার কারণ নেই। কেননা, ২০২২ সালে বিশ্বকাপ খেলতে চায় বাফুফে। অনূর্ধ্ব-২৩ দল নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা নেই। জাতীয় দলের দিকেই সব নজর। তাই মরেনো বলতে ভুললেন না, বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এসএ গেমসের জন্য আরও ভালো প্রস্তুতি নেওয়া দরকার। কথাটা বাফুফের কানে উঠলেই ভালো।
সেমিফাইনাল লাইনআপ
১৮ জানুয়ারি বাংলাদেশ-বাহরাইন বিকেল ৫–৩০ মি.
১৯ জানুয়ারি মালদ্বীপ-নেপাল বিকেল ৫–৩০ মি.
দুটি সেমিফাইনালই বঙ্গবন্ধু স্টেডিয়ামে