‘রেডিওতে চটাং চটাং কথা, আমার সামনে এত নরম কেন?’

জোসে মরিনিও মানেই নাটকছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টটেনহাম থেকে বরখাস্ত হওয়ার পর গত বছরের মে মাসে জোসে মরিনিও যখন সিরি ‘আ’ ক্লাব রোমায় যোগ দিলেন, প্রিমিয়ার লিগের ভক্তদের সম্ভবত একটু আফসোস হয়েছিল। পর্তুগিজ কোচ ইংল্যান্ড ছেড়ে যাওয়ায় তাঁর কোচিংকে কতটা মিস করবে ইংল্যান্ডের ফুটবল, সেটি অন্য প্রসঙ্গ, তবে মরিনিও না থাকা মানে তো প্রিমিয়ার লিগের কিছুটা রং হারানোও।

ইংলিশ সংবাদমাধ্যমে সবকিছুই আরও বেশি রং পেত বলে মরিনিও নজরে বেশি এসেছেন সব সময়, তবে রোমায় যাওয়ার পর কিছুটা আড়ালেই ছিলেন। তবে মরিনিও তো মরিনিওই, বিতর্ক-নাটক তাঁর থেকে বেশি দূরে খুব বেশি দিন থাকে না। নাটকের নতুন পর্ব, রোমায় এক সাংবাদিককে একহাত নিয়েছেন মরিনিও। সাংবাদিককে তাঁর খোঁচা, রেডিওতে তাঁর চাঁচাছোলা সমালোচনা করা সাংবাদিক তাঁর সামনে এসে ভয়ে মিইয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময় আজ রাতে ইতালিয়ান লিগে সাম্পদোরিয়ার মাঠে নামবে মরিনিওর রোমা। জিতলে পয়েন্ট তালিকার ৫ নম্বরে উঠে আসবে দলটি, যদিও শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া কঠিনই রোমার জন্য। লিগে ৮ ম্যাচ বাকি, ৪ নম্বরে থাকা জুভেন্টাসের (৫৯ পয়েন্ট) চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে রোমা।

তা মাঝে তো আন্তর্জাতিক বিরতিই ছিল, তার আগে সর্বশেষ ম্যাচে রোম ডার্বিতে নগরপ্রতিদ্বন্দ্বী লাৎসিওকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মরিনিওর দল। সে ম্যাচে রোমার পারফরম্যান্স অনেকের চোখে মরিনিওর অধীনে এ পর্যন্ত তাদের সেরা।

কিন্তু এমন ম্যাচের পরও নাকি মরিনিওর সমালোচনা করেছিলেন এক সাংবাদিক। অন্তত রোমা কোচের কথা শুনে সেটিই মনে হলো। লাৎসিও ম্যাচে ৩-৪-২-১ ছকে একাদশ সাজিয়েছিলেন মরিনিও, আজ সাম্পদোরিয়ার বিপক্ষেও সেভাবে তিন ডিফেন্ডার খেলাবেন কি না, তিন ডিফেন্ডার নিয়ে সাজানো ছকেই ভবিষ্যৎ দেখছেন কি না, এমনই প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। কোন সাংবাদিক? যিনি এর আগে মরিনিওর চাঁচাছোলা সমালোচনা করেছিলেন!

ব্যস, মরিনিও তাঁকে পেয়ে বসলেন বলে! ৫৯ বছর বয়সী পর্তুগিজের খোঁচা, ‘আমি তো আপনার কাছ থেকে আরও আগ্রাসী প্রশ্ন আশা করেছিলাম!’ কেন? সে ব্যাখ্যাও চাইতে হলো না। মরিনিওই বলে চললেন, ‘গতকাল রেডিওতে আপনার কথা শুনছিলাম। সেখানে তো আপনি (আমার সমালোচনায়) অনেক আগ্রাসী ছিলেন, অনেক কড়া কড়া কথা বলেছেন, অনেক যুদ্ধংদেহী ছিলেন। আপনার কাছ থেকে এত সহজ প্রশ্ন আশা করিনি।’

রেফারির সঙ্গেও হয়তো কিছু নিয়ে বেধেছে তাঁর। ফল? হলুদ কার্ড
ছবি: রয়টার্স

এখান থেকে কী বুঝলেন, সেটি বোঝাতে গিয়েই সাংবাদিককে খোঁচা রোমা কোচের, ‘যে উপসংহারে পৌঁছেছি, সেটি এই যে আপনি রেডিওতে চটাং চটাং কথা বলেন, অনেক আগ্রাসী কিন্তু আমার সামনে এলে আপনি ভয়ে একেবারে নরম হয়ে যান।’

সাংবাদিকদের সঙ্গে মরিনিওর খোঁচাখুঁচি এবারই প্রথম নয়। রোমার ইতালিয়ান উইঙ্গার নিকোলো জানিওলোর চোট, তাঁর জুভেন্টাসে যাওয়া নিয়ে গুঞ্জন, ইতালি দলে তাঁর পারফরম্যান্স নিয়ে ইতালি কোচ রবার্তো মানচিনির সমালোচনা...অনেক বিষয় মিলিয়ে মরিনিওর সংবাদ সম্মেলনে জানিওলোকে নিয়ে প্রশ্ন হতেই থাকে নিয়মিত। সেটি নিয়ে মজা করে কদিন আগে মরিনিও একটা কাগজে কিছু লিখে এনেছিলেন। পরে সংবাদ সম্মেলনে জানিওলোকে নিয়ে প্রশ্ন হতেই কাগজটা উঁচিয়ে ধরেন, সেখানে লেখা, ‘দ্বিতীয় প্রশ্নটাই হবে জানিওলোকে নিয়ে।’

জানিওলোকে নিয়ে প্রশ্নটা সেদিন আসলেই সংবাদ সম্মেলনে দ্বিতীয় প্রশ্ন ছিল!