রেফারি অজ্ঞান
পরশু প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল বোর্নমাউথ-সাউদাম্পটন। এই ম্যাচেরই মাঝবিরতিতে ঘটল এক অঘটন। সাউদাম্পটনের ডাগ-আউটের কাছে হুমড়ি খেয়ে পড়লেন চতুর্থ রেফারি কেভিন ফ্রেন্ড, তারপর গড়িয়ে পড়লেন মাটিতেই। দৌড়াদৌড়ি করে সবাই এগিয়ে এসে দেখতে পেলেন, ডাগ-আউটের সঙ্গে ধাক্কা খেয়ে মুখের এক দিকে কেটে গেছে তাঁর। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাঁকে। তবু স্বস্তি পাননি সংশ্লিষ্টরা, চটজলদি হাসপাতালে পাঠানো হয় ফ্রেন্ডকে।
ঘটনার সময় পাশে দাঁড়ানো সাউদাম্পটন কোচ রোনাল্ড কোমেন বললেন, ‘সে এদিকেই আসছিল, হঠাৎ ডাগ-আউটে মুখ থুবড়ে পড়ল। একটু পর তো মাটিতে পড়ে গেল। অন্তত ৫ সেকেন্ডের জন্য অজ্ঞান ছিল সে।’
ফ্রেন্ডের অনুপস্থিতিতেও ম্যাচ চালিয়ে গেছে দুই দল। ফ্রেন্ডের কোনো বদলি না থাকায় দর্শকসারি থেকেই চতুর্থ রেফারি খুঁজে নিতে হয় লিগ কমিটিকে। ফ্রেন্ডের বদলি হিসেবে পরে দায়িত্ব পালন করেন খেলা দেখতে মাঠে আসা লিগের বাইরের রেফারি ডিন ট্রেলিভেন। শেষ পর্যন্ত ম্যাচটি বোর্নমাউথ জিতে গেছে ২-০ গোলে। সূত্র: ফক্স স্পোর্টস।