আমাকে মেরেই ফেলছিল ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় প্রহারের শিকার রেফারি গোলাম মোর্শেদ নয়ন। সৌজন্য ছবি।
ঢাকায় প্রহারের শিকার রেফারি গোলাম মোর্শেদ নয়ন। সৌজন্য ছবি।

গোলাম মোর্শেদ নয়ন বাংলাদেশের একজন ফিফা রেফারি। ‘এলিট প্যানেলভুক্ত’ না হলেও বয়সভিত্তিক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় তাঁর ডাক পড়ে। এই তো সেদিনই নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। অথচ এই নয়নই সেদিন প্রায় ‘খুন’ হতে বসছিলেন ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচ পরিচালনা করতে গিয়ে! উত্তর বারিধারা ও ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলের ম্যাচকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছিলেন তিনি।

ম্যাচে ইয়ংমেন্স ক্লাব ১-০ গোলে হেরে যায় বারিধারার কাছে। ম্যাচের সময় কোনো সমস্যা হয়নি। তাঁর কোনো সিদ্ধান্ত নিয়ে হইচই হয়নি, অথচ ম্যাচ পরিচালনা করে ফকিরেরপুলে হোটেলে ঢোকার সময় তাঁর ওপর হামলা হয়। নয়নের অভিযোগ, ইয়ংমেন্স ক্লাবের একজন কর্মকর্তা মুনির হোসেন পিপুলসহ আরও সাত-আটজন অতর্কিতে তাঁর ওপর হামলা চালান।
প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় রীতিমতো আর্তনাদই ছিল নয়নের কণ্ঠে, ‘নিপুন ভাই আমাকে না বাঁচালে ওরা হয়তো আমাকে মেরেই ফেলত।’
নয়নের বাড়ি চট্টগ্রামে, ম্যাচ পরিচালনা করতেই ঢাকায় থাকা। এমন কিছু হতে পারে, সেটা তাঁর মাথাতেই ছিল না, ‘মনে হচ্ছিল, ওরা আমাকে মেরেই ফেলবে। যেহেতু মাঠে আমার কোনো সিদ্ধান্ত নিয়ে হইচই হয়নি। এমন কিছু হতে পারে, সেটা আমার মাথাতেই ছিল না।’ ঘটনার পরে মতিঝিল থানায় সাধারণ ডায়েরির পর মামলাও করেছেন নয়ন। এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও অভিযুক্ত সেই কর্মকর্তার নাম উল্লেখ করে ইয়ংমেন্স ক্লাবকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ।
ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে গতকালই চট্টগ্রামে ফিরে গেছেন নয়ন। গতকাল রাতে ব্যথা ওঠায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এখন বাড়িতে রয়েছেন এই ফিফা রেফারি।
ঘটনাটি বিরাট এক মানসিক পীড়ার কারণ হয়েই এসেছে নয়নের জন্য। নিজের মনে প্রশ্ন, তবে কি রেফারিদের কোনো সম্মানই নেই বাংলাদেশে? একজন ফিফা রেফারির এই ভাবনা যেন বাংলাদেশের ফুটবলের অন্ধকার দিকটা খুব নগ্নভাবেই সামনে নিয়ে আসছে।
রেফারি হিসেবে কাজ করার আর কোনো ইচ্ছাই তাঁর নেই, ‘এটা যে একটা থ্যাংকলেস জব, সেটা আমি জানি। সব রেফারিই জানে। খুব কম মানুষই শখ করে রেফারি হয়। আমি হয়েছিলাম। কিন্তু যা ঘটেছে, এরপর আর এই কাজটা কীভাবে করি? আজ আমার ওপর হামলা হয়েছে। কাল হবে আরও একজনের ওপর।’
যাঁর বিরুদ্ধে নয়নের অভিযোগ, সেই মুনির হোসেন পিপুল অবশ্য তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগই অস্বীকার করেছেন, ‘আমি সেখানে উপস্থিতই ছিলাম না। আমি কীভাবে এটা করি? ঘটনাটাও জানতে পেরেছি পরে।’
বাংলাদেশের ফুটবলে রেফারি-নিগ্রহের ঘটনা নতুন কিছু নয়। অতীতে মাঠেই রেফারি নিগ্রহের লজ্জাজনক সব ঘটনা ঘটেছে। সাম্প্রতিককালে এসব একটু কমে গেলেও মোর্শেদ নয়নকে প্রহারের ঘটনা আবারও এ দেশের রেফারিদের করুণ অবস্থাটা সামনে নিয়ে এল।