রেফারি পক্ষপাত না করুক, রিয়াল ম্যাচের আগে বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবার বিক্ষুব্ধ বায়ার্ন খেলোয়াড়দের সরাতে পুলিশ ডাকতে হয়েছিল! ফাইল ছবি
গতবার বিক্ষুব্ধ বায়ার্ন খেলোয়াড়দের সরাতে পুলিশ ডাকতে হয়েছিল! ফাইল ছবি

কোনো দলকেই হারানো অসম্ভব নয়। তবে দলটার নাম যদি রিয়াল মাদ্রিদ হয়, কাজটা একটু কঠিন! আর সেই রিয়াল মাদ্রিদকে সান্তিয়াগো বার্নাব্যুতে হারানো, সেটাও প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থেকে...অসম্ভব না হলেও সম্ভবত ফুটবলের সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। সেই কঠিন কাজটাই আজ বায়ার্ন মিউনিখকে করতে হবে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগে। পারবে বায়ার্ন?

বায়ার্ন বেশ আত্মবিশ্বাসী। তাদের বেশি আশা জোগাচ্ছে জুভেন্টাস, এ মাঠে এসে যারা এক অসম্ভবকে মিলিয়ে দিয়েছিল প্রায়, জন্ম দিতে চলেছিল রূপকথার প্রত্যাবর্তন। শেষ পর্যন্ত রিয়ালের জালে ৩ গোল পাঠিয়ে শেষ বাঁশির আগমুহূর্তে বিতর্কিত পেনাল্টি জুভেন্টাসকে হতাশায় পুড়িয়েছে। বায়ার্নও এমন অভিজ্ঞতার মুখে পড়েছিল গত মৌসুমে। আরতুরো ভিদালের বিতর্কিত লাল কার্ড আর রিয়ালের দুটি সন্দেহজনক অফসাইডের গোল বায়ার্নের পক্ষে যায়নি। এবার ম্যাচ শুরুর আগে ইয়ুপ হেইঙ্কেস তাই আগেই যেন একটা মনস্তাত্ত্বিক খেলা খেলে দিলেন।

এ ম্যাচের তুর্কি রেফারি সম্পর্কে বায়ার্ন কোচ বলেছেন, 'এই মৌসুমে শুরুর দিকে আমাদের পিএসজি ম্যাচে তিনিই ছিলেন দায়িত্বে। ওই ম্যাচে দারুণ দায়িত্ব পালন করেছেন। ওনার কাছ থেকে আমরা যা প্রত্যাশা করি, নিরপেক্ষতা, ন্যায্য ও যথার্থ সিদ্ধান্ত। আমি এ ম্যাচে নিরপেক্ষ রেফারিং প্রত্যাশা করছি। আশা করব তাঁর কোনো কোনো সিদ্ধান্ত ম্যাচের ফলকে প্রভাবিত করবে না।'

ভাবখানা এমন, কেবল রেফারি ঠিক থাকলেই হবে! অন্তত বায়ার্ন শিবিরকে সে রকমই আত্মবিশ্বাসীই শোনাচ্ছে। গত ম্যাচে ৯০ মিনিট জুড়ে দুর্দান্ত খেলা ফ্রাঙ্ক রিবেরি যেমন ফরাসি জেনারেল শার্ল দ্য গলের বিখ্যাত উক্তি স্মরণ করলেন টুইটে, ‘লড়াইটাই হেরেছি শুধু আমরা, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি।’ তবে আসল কথাটা হলো, বায়ার্ন এক মনস্তাত্ত্বিক লড়াই জিততে চাইছে মাঠের খেলার আগে।

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ জার্মান চ্যাম্পিয়নদের জন্য পরিণত হয়েছে রীতিমতো এক আতঙ্কে। ২০১২ সেমিফাইনালের প্রথম লেগ থেকে শুরু করে এ পর্যন্ত টানা ছয় ম্যাচে রিয়ালের কাছে হার। বায়ার্ন ও জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার তো আর এমনি এমনি বলেননি, ‘আমার মনে হয় রিয়ালের সামনে পড়লে বায়ার্ন কিছুটা হীনম্মন্যতায় ভোগে।’

এই হীনম্মন্যতা কাটানোর উপায় কী? পরামর্শ দিয়েছেন বায়ার্নের হয়ে ২০০১ চ্যাম্পিয়নস লিগ জেতা ফরাসি ডিফেন্ডার বিজেন্তে লিজারাজু। ফাইনালে ওঠার পথে ওই বছরই রিয়ালকে হারিয়েছিল বায়ার্ন। ৪৮ বছর বয়সী সাবেক বায়ার্ন লেফট ব্যাকের পরামর্শ, ‘বাঘের মতো সাহস নিয়ে মাদ্রিদে যেতে হবে, বিড়ালের মতো গেলে হবে না। আমি যদি এখন বায়ার্নের খেলোয়াড় হতাম, বিশ্বাস রাখতাম যে রিয়ালের মাঠ থেকে জিতে আসতে পারব।’

এবার কোয়ার্টার ফাইনালেই নিজেদের মাঠে প্রথম লেগটা ৩-০ গোলে হারের পর বার্নাব্যুতে ফিরতি লেগে রিয়ালকে ৩-১ গোলে হারিয়েছিল জুভেন্টাস। শেষ মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর ওই পেনাল্টি গোল না হলে কঠিন হয়ে যেত রিয়ালের সেমিফাইনালে ওঠা। লিজারাজু বায়ার্নকে প্রেরণা নিতে বলছেন ওই ম্যাচ থেকেও, ‘জুভরা যদি ৩-১ গোলে হারাতে পারে রিয়ালকে, বায়ার্ন কেন ২-০ গোলে হারাতে পারবে না?’ খেলোয়াড়দের কথাবার্তায় মনে হচ্ছে, বায়ার্নের সেই প্রেরণার অভাব নেই। স্ট্রাইকার সান্দ্রো ওয়াগনার তো বলেছেনও, ‘আমরা প্রতিশোধ চাই এবং সবাই শপথ নিয়েছি মাদ্রিদে সর্বস্ব দিয়ে লড়ব।’

মিউনিখের বাতাসে যখন ‘বদলা’, ‘যুদ্ধ’ শব্দগুলো উড়ছে, মাদ্রিদে তখন ফুরফুরে হাওয়া। প্রতিপক্ষের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে আসার পর এমনই থাকার কথা। রিয়াল ফাইনালে খেলবে, বায়ার্ন ছাড়া বাকি সবাই যেন এটা ধরেই নিয়েছে। সর্বশেষ দুটি চ্যাম্পিয়নস লিগে জেতা জিদান তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতে বব পেইসলি আর কার্লো আনচেলত্তির রেকর্ড ছুঁতে পারবেন কি না, শুরু হয়ে গেছে সেই আলোচনাও। এর মধ্যে একই ক্লাবের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতার রেকর্ড শুধু পেইসলির (লিভারপুল ১৯৭৭,১৯৭৮ ও ১৯৮১)। একই ক্লাবের হয়ে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতে একদিক থেকে তাঁকেও ছাড়িয়ে যেতে পারেন জিদান। রিয়াল কোচ অবশ্য স্বভাবসুলভ বিনয়ে এসব বিষয় পাশ কাটিয়ে গেছেন, ‘ওদের সঙ্গে আমার তুলনা হয় নাকি! তাঁরা এত সময় দিয়েছেন, ফুটবলকে এত কিছু দিয়েছেন। এটা নিয়ে তাই কথা বলা ঠিক হবে না। তবে আমি এই আড়াই বছরে যা করেছি, তাতে নিজে সন্তুষ্ট।’

ব্যক্তিগত অর্জনের আলোচনা বাদ দিয়ে জিদান রিয়াল সমর্থকদের অনুরোধ করেছেন মাঠে এসে জোর সমর্থন দেওয়ার, ‘এটা বছরের সেরা ম্যাচ হতে পারে। বার্নাব্যুর আমাদের যেকোনো সময়ের চেয়ে বেশি সমর্থন লাগবে এই ম্যাচে।’
তা তো লাগবেই। বায়ার্ন যে প্রতিশোধের নেশায় মত্ত, তা বুঝি আর জিদান জানেন না!

বাংলাদেশ সময় রাত পৌনে একটায় খেলাটি সম্প্রচার করবে সনি টেন।