রেফারিং নিয়ে দুঙ্গার ক্ষোভ

চিলিয়ান রেফারি ওসেস কী ব্রাজিল-বিদ্বেষী? এমন সন্দেহ প্রকাশ করেছেন খোদ ব্রাজিলীয় কোচ কার্লোস দুঙ্গাই। নেইমারকে ম্যাচের শেষে লালকার্ড দেখানো তো বটেই পুরো ম্যাচেই নাকি রেফারির পক্ষপাত ছিল ব্রাজিলের বিপক্ষে। দুঙ্গা কিছু দিন আগে অনুষ্ঠিত কোপা লিবারটেডরসের একটি ম্যাচের উদাহরণ টেনে বেলেছেন, ওই ম্যাচেও প্যারাগুয়ের গুয়ারানি ক্লাবের বিপক্ষে করিন্থিয়ানসের দুই খেলোয়াড়কে লালকার্ড দিয়েছিলেন এই রেফারি। দুঙ্গা ক্ষোভের সঙ্গেই বলেছেন, ‘ব্যাপারটাকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। ওটা কাকতালের চেয়ে বেশি কিছু।’
কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যান স্বাভাবিকভাবেই দুঙ্গার মন্তব্যের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, এই ম্যাচে বাজে রেফারিংয়ের কিছুই দেখেননি তিনি। তিনি ম্যাচের রেফারির সিদ্ধান্ত সম্পর্কে কোনো মন্তব্য না করে সবাইকে মনে করতে বলেছেন, গত বছর বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের দিনটি। সে ম্যাচে যে বেশ কিছু সিদ্ধান্ত কলম্বিয়ার বিপক্ষে গিয়েছিল, সে বিষয়টাকেই সামনে নিয়ে আসেন তিনি।
দুঙ্গা কেবল রেফারির বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেননি। তাঁর ক্ষোভের কারণ হয়েছে কলম্বিয়ার ট্যাকটিকসও। তিনি বলেছেন, পুরো ম্যাচেই কলম্বিয়ার খেলোয়াড়েরা নেইমারকে উষ্কানি দিয়ে গেছে। উষ্কানি দেওয়ার ব্যাপারটিকে ‘বাজে কৌশল’ আখ্যা দিয়ে বলেন, এমন নেতিবাচক কৌশল ব্রাজিল ইচ্ছা করলেই নিতে পারত, কিন্তু আমরা তা নিইনি।
ব্রাজিল গ্রুপের শেষ ম্যাচটি খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। প্রতিযোগিতার নক আউট পর্বে যেতে হলে সে ম্যাচে জয়ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই ব্রাজিলীয় দলের সামনে। তবে দুঙ্গা জানিয়েছেন, আপাতত সে ম্যাচটি নিয়ে তিনি ভাবছেন না। বলেছেন, নেইমারকে নিয়ে খেলতে তাঁর দলের অসুবিধা হওয়ার কথা নয়। অতীতে অনেক বড় ম্যাচই ব্রাজিল নেইমারকে নিয়ে খেলেছে। একটা না একটা কৌশল আমরা ঠিকই সাজিয়ে ফেলব।’ সূত্র: রয়টার্স।