রেফারিকে রিয়ালের 'উপহার'
এমনিতেই ম্যাচে রিয়াল মাদ্রিদকে দেওয়া পেনাল্টিটি নিয়ে বিতর্ক এখনো থামেনি। এর মধ্যেই রোববার ভিয়ারিয়াল-রিয়াল ম্যাচটি ঘিরে আরেক বিতর্ক! যে বিতর্ক উসকে দিয়েছেন ভিয়ারিয়ালেরই সভাপতি ফার্নান্দো রোচ। তাঁর অভিযোগ, ম্যাচের পর রেফারি হেসুস গিল মানজানো ও তাঁর সহযোগীরা রিয়ালের কাছ থেকে উপহার পেয়েছেন! টিভি ক্যামেরায়ও ধরা পড়েছে মানজানোর হাতে ধরা সেই ব্যাগ, যাতে আঁকা ছিল রিয়ালের লোগো।
‘রেফারি ও সহযোগীরা (রিয়াল) মাদ্রিদের কাছ থেকে উপহার পাওয়া ব্যাগ নিয়ে স্টেডিয়াম ছেড়েছেন...এটা কখনোই হওয়া উচিত নয়,’ ম্যাচের পরই বলেছেন রোচ।
এ নিয়ে পক্ষে-বিপক্ষে কথাও হচ্ছে অনেক। রেফারির হাতে কোনো নির্দিষ্ট ক্লাবের উপহারটা স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছেন না অনেকে। তবে ব্যাপারটা তেমন নয় বলেই দাবি রেফারিদের কমিটির। স্প্যানিশ দৈনিক মার্কাকে কমিটি বলেছে, ‘বিখ্যাত ব্যাগ’টির ভেতরে আসলে তেমন দামি কিছুই ছিল না।’ কী ছিল তাহলে? ‘মাদ্রিদের চাবির রিং, কোটপিন ও কলম।’
রেফারিদের এমন সৌজন্য উপহার দেওয়াটা নাকি শুধু রিয়ালের নয়, স্পেনেরই রীতি। ২০১১-১২ মৌসুমে এই দুই দলের ম্যাচেই ভিয়ারিয়াল নাকি রেফারিদের উপহার দিয়েছিল। রিয়াল যেমন সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচগুলোতে এখন রেফারিদের জার্সি উপহার দেয়, যাতে ম্যাচের তারিখ ছাপানো থাকে।
বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদসহ সব দলই রেফারিদের সৌজন্য উপহার দিয়েছে। বার্সা এর আগে রেফারিদের উপহার দিয়েছে ক্লাবের লোগোসহ নাইকির হাতঘড়ি। অ্যাটলেটিকোও কোটপিন, ক্লাবের ছোট পতাকা উপহার দিয়েছে রেফারিকে। মার্কা।