রেফারিদের কত দিলে, প্রশ্ন কিয়েলিনির

>
- পেনাল্টির প্রতিবাদে মাঠে রেফারিদের টাকা দেওয়ার ইঙ্গিত কিয়েলিনির
- বুফনের মতে, রেফারি হৃদয়হীন
এটা কি পেনাল্টি ছিল?
রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৯৩ মিনিটে রেফারি মাইকেল অলিভারের পেনাল্টির সিদ্ধান্তই যে গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। স্পেনের সাবেক রেফারি এদুয়ার্দো ইতুরালদে যেমন বলেছেন, ‘পেছন থেকে ধাক্কাটা যথেষ্ট (পেনাল্টির জন্য) ছিল না। পেনাল্টির বাঁশি বাজানো উচিত হয়নি।’
৯৩ মিনিটে জুভেন্টাসের মেধি বেনাশিয়া নিজেদের বক্সে পেছন থেকে ফেলে দেন লুকাস ভাসকুয়েজকে। রেফারি অলিভারের কাছে তা পেনাল্টি দেওয়ার জন্য যথেষ্ট বলেই মনে হয়েছে। পরের কয়েক মিনিট ছিল বিশৃঙ্খল। পেনাল্টির প্রতিবাদে ফুঁসে উঠেছিলেন জুভেন্টাসের খেলোয়াড়েরা। লাল কার্ড দেখেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। এই পেনাল্টি থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর করা গোলই সেমিতে তোলে রিয়ালকে।
পেনাল্টি দেওয়ার জন্য ধাক্কাটা যথেষ্ট ছিল কি না, সে প্রশ্নের জবাব দেবেন বিশ্লেষকেরা। তবে সিদ্ধান্তটা নিজেদের বিপক্ষে যাওয়ায় মাঠেই ফুঁসে উঠেছিলেন জুভেন্টাসের অভিজ্ঞ ডিফেন্ডার জর্জো কিয়েলিনি। হাত নেড়ে নেড়ে রিয়ালের তরফ থেকে রেফারিকে টাকা দেওয়ার ইঙ্গিত করেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘মার্কা’ তাদের প্রতিবেদনে লিখেছে এমনটাই।
পরে ম্যাচ শেষে কিয়েলিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি। ইতালিয়ান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় ডাকাতি। এটা নিশ্চিত যে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ সব সময় সুবিধা পায়। গত বছর এখানে কী ঘটেছে, তা স্মরণে আছে বায়ার্ন মিউনিখের।’
ফিরতি লেগ শুরুর আগে বুফন বলেছিলেন, জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগে এটা হতে পারে তাঁর শেষ ম্যাচ। দল হারায় সেই সম্ভাবনাটা আরও বেড়ে গেল। কিন্তু যেভাবে হেরেছেন তাতে ক্ষোভ দমন করতে পারেননি ইতালির চিরসবুজ এই গোলরক্ষক, ‘রেফারি ও তার সহকারীদের মতো আমিও কাছাকাছি ছিলাম। ৯৩ মিনিটে এমন একটি পেনাল্টি উপহার দেওয়া মানে আপনি মানুষ নন, পশু।’
রেফারি মাইকেল অলিভারকে ‘হৃদয়হীন’ও বলেছেন ৪০ বছর বয়সী এ গোলরক্ষক। তাঁর মতে, কোয়ার্টার ফাইনাল ম্যাচটা তাঁর গ্যালারিতে বসে দেখা উচিত ছিল রেফারির। বুফনের উক্তি, ‘রেফারির কোনো হৃদয় নেই। তাঁর ভেতরটা আবর্জনায় পরিপূর্ণ।’ জুভেন্টাস গোলরক্ষক ক্ষোভ ঝাড়লেও তাঁকে সম্মান জানিয়ে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দিতে কার্পণ্য করেনি রিয়াল–সমর্থকেরা।
কিয়েলিনির ইঙ্গিতের ভিডিও লিংক: