রেফারিদের জন্য ভিডিও প্রযুক্তি
রেফারির সামান্য এক ভুলে ম্যাচের রূপ পাল্টে গেছে, ফুটবলে অহরহই ঘটে এমন। মাঠে রেফারিদের ভুলভ্রান্তি কমানো ও খেলায় ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ফুটবলের আইন প্রণয়ন কর্তৃপক্ষ আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ১৮ মাস ধরে কাজ করছে। গত ৫ মার্চ আইএফএবির সাধারণ সভায় সেই প্রকল্পেরই নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।
এসব সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মাঠে ভিডিও প্রযুক্তির ব্যবহার নিয়ে। আগামী ১ জুন থেকে ফিফা ও উয়েফার টুর্নামেন্টগুলোয় মাঠে দেখা যাবে একজন বাড়তি সহকারী ভিডিও রেফারি। মাঠের রেফারি কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধান্বিত থাকলে কিংবা কোনো ঘটনা মূল রেফারির অগোচরে রয়ে গেলে, নতুন করে সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন ভিডিও রেফারি। এ প্রযুক্তি ব্যবহারের মূল উদ্দেশ্য হলো, ম্যাচের ধারা পাল্টে দেওয়া বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত—গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড কিংবা ভুলভাবে কাউকে কার্ড দেখানোর মতো ঘটনাগুলো আরেকবার খুঁটিয়ে দেখা। দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার করা হবে। ২০১৭-১৮ মৌসুমের শেষ পর্যন্ত এই প্রযুক্তির সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করেই ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে।
আইএফএবির ১৩০তম সাধারণ সভায় এ রকম আরও কিছু নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পেনাল্টি সীমানায় গোল আটকানো ট্যাকলের জন্য খেলোয়াড়দের ‘তিন শাস্তি’—‘লাল কার্ড, পেনাল্টি ও পরের ম্যাচের নিষেধাজ্ঞা’ দেওয়া হবে না। পেনাল্টির পাশাপাশি তাঁকে শুধু সতর্ক করা হবে।
এ ছাড়া খেলার অতিরিক্ত সময়ের জন্য চতুর্থ বদলি খেলোয়াড়ের ব্যবস্থা রাখবে ফিফা। অর্থাৎ খেলার সময় ১২০ মিনিট নিশ্চিত হলেই বাড়তি একজন বদলি খেলোয়াড়কে নামানো যাবে নতুন নিয়মে।
আরেকটি ছোট পরিবর্তন আসছে খেলায়, ম্যাচের শুরুতে চাইলে এখন যেদিকে খুশি বল বাড়াতে পারবেন ফুটবলাররা। আগে ‘কিক অফে’র পর শুধু সামনের দিকে পাঠানো যেত। রয়টার্স, ফিফাডটকম।