রেফারিদের পরিশ্রম কেউ দেখে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিটনেস পরীক্ষায় উতরাতে এভাবেই নীরবে ঘাম ঝরান দেশের শীর্ষ ফুটবল রেফারিরা। সম্প্রতি বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে তোলা ছবি l প্রথম আলো
ফিটনেস পরীক্ষায় উতরাতে এভাবেই নীরবে ঘাম ঝরান দেশের শীর্ষ ফুটবল রেফারিরা। সম্প্রতি বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে তোলা ছবি l প্রথম আলো

খেলাবিহীন কোনো এক বিকেলে নির্জন বঙ্গবন্ধু স্টেডিয়ামে উঁকি মারলে একটা ছবি চোখে পড়বেই। ট্র্যাকে দৌড়াচ্ছেন কয়েকজন মানুষ। নিজেদের কাজটা তাঁরা করে চলেন নীরবে। কদিন আগে দেখা গিয়েছিল, বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করছে জাতীয় ফুটবল দল। অথচ একই সময় পাশের অ্যাথলেটিকস ট্র্যাকে ফিটনেস প্রশিক্ষণে মগ্ন ওই মানুষগুলো। অনেকে হয়তো পাশ দিয়ে হেঁটে গেলেন, কিন্তু খেয়ালই করলেন না এঁরা কারা!
২৪ জুলাই শুরু হওয়া প্রিমিয়ার লিগের জন্য এভাবেই আপন মনে ফিটনেস প্রশিক্ষণ নিচ্ছিলেন রেফারিরা, সামনে আছে ফিফার পরীক্ষাও। আগের চেয়ে আরও কঠিন হয়ে যাওয়া ওই পরীক্ষার ওপর নির্ভর করে তাঁদের ভবিষ্যৎ। প্রশ্নপত্রটা অবশ্য জানাই। অ্যাথলেটিকস ট্র্যাকে (বঙ্গবন্ধু স্টেডিয়াম) ফিফার পাঠানো সিডি বাজার তালে তালেই দিতে হয় পরীক্ষা।
আগে একজন রেফারিকে ফিটনেস পরীক্ষার প্রথমে ৪০ মিটার দৌড়াতে হতো সর্বনিম্ন ৬.২ সেকেন্ডে, কিন্তু এ মাসেই ফিফার সর্বশেষ নিয়মে সময়টা কমে হয়েছে ৬ সেকেন্ড। সহকারী রেফারিদের আগে ৩০ মিটার দৌড়াতে হতো ৬ সেকেন্ডে, এখন ৫.৮। এভাবে টানা ছয়বার দৌড়াতে হবে। এই পর্ব শেষে আট মিনিটের বিরতি ছিল, এখন ছয় মিনিট।
এরপর ৪ হাজার মিটার রানিং পর্বের শুরুতে ১৫০ মিটার রানিংয়ের জন্য আগে সময় ছিল ৩০ সেকেন্ড। বর্তমানে ৭৫ মিটার রানিং, সময় ১৫ সেকেন্ড। ওটা শেষে ২৫ মিটার হাঁটা, সময় ১৮ সেকেন্ড। আগে ৫০ মিটার হাঁটতে ৩৫ সেকেন্ড সময় আর ১৫০ মিটার রানিং পর্ব একটানা ২৫ বার করতে হতো, এখন ৭৫ মিটার করতে হবে অন্তত ৪০ বার। এ হলো পাস মার্কসের জন্য, ভালো নম্বর পেতে আরও কম টাইমিং করতে হবে। রেফারি ইনস্ট্রাক্টর ইব্রাহিম নেসার বলছিলেন, ‘এভাবে টানা রানিং ও হাঁটা খুবই কঠিন কাজ। প্রচুর অনুশীলন দরকার। নইলে ফেল।’
গবেষণায় দেখা যাচ্ছে, ১৯৯৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে একজন রেফারির গড় রানিং ছিল ৯.৮৮ কিমি। ১৯৯২-৯৩ সিরি ‘আ’তে ৮.৮ কিমি। সম্প্রতি ওই গড় বেড়ে হয়েছে ১১.৩৭। ১৪টি ইউরোপিয়ান ম্যাচ, ২০২টি ইংলিশ লিগ ম্যাচসহ ৩২৮টি ম্যাচে রেফারিদের গড় রানিং এখন ১১.৬৩ কিমি। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচপ্রতি গড়ে ৫০টি ‘স্প্রিন্ট’ দেন রেফারি। পাঁচ বছর আগের চেয়ে এটা এখন ৬৪ শতাংশ বেশি। রেফারির গতি খেলোয়াড়ের চেয়েও বেশি থাকে। তাঁরা বলের ১২-১৮ মিটারের মধ্যে থাকেন। ফলে প্রিমিয়ার লিগে পেনাল্টি বক্সের আশপাশে ৯৮.৬ শতাংশ সিদ্ধান্তই নাকি সঠিক হয়।
গবেষণার ফল বলছে, সহকারী রেফারিদের রানিং ম্যাচপ্রতি ৬.৫০ কিমি। তাঁরা বলের সমান্তরাল থাকতে পারেন বলেই প্রিমিয়ার লিগে ৯৯ শতাংশ অফসাইডের সিদ্ধান্তও সঠিক। বাংলাদেশের রেফারি বা সহকারীরা ম্যাচে কতটা দৌড়ান, গবেষণা করা হয়নি। তবে ঘরোয়া ম্যাচগুলোর গতি ধীর হওয়ায় রেফারিদের দৌড়াতে হয় কম।
রেফারিংটা বাংলাদেশে পেশা নয়, বেশির ভাগই শিক্ষক। স্কুলশিক্ষকই বেশি। চাইলেই ছুটি মেলে না। বর্তমান ফিফা রেফারি মিজানুর রহমান এর ভুক্তভোগী, ‘পরদিন ফ্লাইট। আগের বিকেলে স্কুল কর্তৃপক্ষ বলল ছুটি হবে না। ফলে সম্প্রতি গুয়াহাটিতে এএফসি কাপে মোহনবাগান আর হংকংয়ের ক্লাব দলের ম্যাচ করতে পারিনি।’ অথচ অনেক কষ্ট করেন তিনিও, ‘দিনে সুযোগ না পেলে রাতে অবশ্যই অনুশীলন করি।’
রেফারিরা জানালেন, প্রতিদিন গড়ে অন্তত ১০-১৫ কিলোমিটার দৌড়ান তাঁরা। সেই তাগিদে গত রোজার ঈদের দিনও বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে কয়েকজন অনুশীলন করেছেন। ফিফার সহকারী রেফারি মাহমুদ জামাল ফারুকি নাহিদ বলেন, ‘ঈদের দিনও করেছি, কারণ এক দিন ট্রেনিং না করলেই বিপদ।’ বাফুফের রেফারিজ কমিটির কো-চেয়ারম্যান মনিরুল ইসলামের মুখে সত্যভাষণ, ‘ফিটনেস না থাকলে ম্যাচ পাবে না জেনেই ওরা এত সিরিয়াস।’
ফিফা রেফারি জালাল উদ্দিন দিনে না পারলে রাতে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা চক্কর দেন। কক্সবাজারের চকরিয়ার বাড়িতে গেলে যখন অনুশীলন করে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢোকেন, মা উদ্বিগ্ন হয়ে বলেন, ‘কী হয়েছে বাবা, কী হয়েছে, হাঁপাচ্ছ কেন!’ মা বলেন, ‘এত কষ্ট করে রেফারি হওয়ার কী দরকার।’ বঙ্গবন্ধু স্টেডিয়ামে রেফারিদের ফিটনেস ট্রেনিং দেখতে এসে তাঁদের পরিবারের সদস্যরাও বলেন একই কথা!
সব সীমাবদ্ধতা জয় করে আগাগোড়া সুপার ফিট ছিলেন বলে তৈয়ব হাসান এএফসির এলিট প্যানেলে টানা ১০ বছর দাপটের সঙ্গে রেফারিং করেছেন। তাঁর কথা শুনুন, ‘সাতক্ষীরায় বাড়িতে আমি সপ্তাহে অন্তত এক-দুই দিন কখনো রানিং, কখনো হেঁটে ২৫ কিলোমিটার চলে যেতাম।’
কিন্তু এত শ্রম ঢেলেও বাংলাদেশে রেফারিরা এখনো লাঞ্ছিত হন। সম্মানীটাও ঠিকমতো মেলে না। একেক সময় বকেয়া পড়ে ৩০-৩৫ লাখ টাকা। এবার স্বাধীনতা কাপের সেমিফাইনালের আগে রেফারিরা খেলা বন্ধের হুমকি দিলে ৫ লাখ টাকা দেয় বাফুফে। এখনো ১০-১২ লাখ টাকা করে বাকি।
আন্তর্জাতিক ম্যাচে মোটামুটি ভালো অঙ্কের সম্মানী আছে। কিন্তু সব রেফারিই তা পান না। ওদিকে ঘরোয়া ম্যাচের সম্মানীটা বলতেও রেফারিরা সংকোচ করেন। চার বছর আগে ঘরোয়া শীর্ষ প্রতিযোগিতায় সম্মানী বেড়ে দ্বিগুণ হয় (২ হাজার টাকা)। ঢাকার রেফারিরা শুধু ওটাই পান। ঢাকার বাইরে থেকে এলে তিন দিনে ২ হাজার ৪০০ টাকা থাকা-খাওয়া, যাতায়াত ১ হাজার ৫০০ টাকা। ম্যাচ ফি ২ হাজার যোগ করলে ৫ হাজার ৯০০ টাকা। খরচ বাদ দিলে কিছুই থাকে না। অথচ ভারতে একজন রেফারির ম্যাচ ফি-ই শুধু ৭ হাজার রুপি।
তবু বাংলাদেশে এখন শিক্ষিত যুবকেরা আসছেন রেফারিংয়ে। অথচ মাঠে গালমন্দ জোটে, মাঠের বাইরে তাঁদের লড়াইটাও থেকে যায় আড়ালে।