রেফারির ওপর ক্ষোভ কেন নেইমারের?

>গত রাতে চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে জিতলেই নিজেদের গ্রুপের শীর্ষে উঠে যেত নেইমারের পিএসজি। দ্বিতীয় রাউন্ডে ওঠার পথটাও সুগম হতো তাতে। কিন্তু সেটি হয়নি। নিজেদের মাঠে পিএসজিকে রুখে দিয়েছে তারা। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। সে ম্যাচেরই শেষের দিকে অযথা একটা হলুদ কার্ড দেখেছেন নেইমার। যে কারণে রেফারির ওপর চটেছেন তিনি।
গত রাতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ওঠার পথটা আরেকটু সুগম হতে পারত পিএসজির। কিন্তু নাপোলির মাঠে গিয়ে ড্র করেই সেটি পিছিয়ে গেছে। ১-১ গোলে অমীমাংসিত এই ম্যাচের একেবারে শেষে এসে রেফারির সঙ্গে বিতণ্ডায় হলুদ কার্ড দেখেছেন নেইমার। ব্যাপারটি ভালো লাগেনি ব্রাজিলের তারকার। রেফারি এই হলুদ কার্ড দিয়ে তাঁর প্রতি ‘বাজে আচরণ’ করেছেন বলে মন্তব্য তাঁর।
এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপিং সম্পন্ন হওয়ার পর থেকেই পিএসজির গ্রুপটিকে বলা হচ্ছিল ‘মৃত্যুকূপ’। যে গ্রুপে পিএসজির সঙ্গে গত মৌসুমের রানার্সআপ লিভারপুল আর সিরি ‘আ’ পরাশক্তি নাপোলি থাকে, সে গ্রুপকে ‘মৃত্যুকূপ’ তো বলতেই হয়। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই সেটির প্রতিফলন, চার রাউন্ডের ম্যাচ শেষ হওয়ার পরেও পিএসজি, লিভারপুল, নাপোলি পয়েন্টের দিক দিয়ে এখনো অনেক কাছাকাছি অবস্থানে আছে—নাপোলি ও লিভারপুল দুই দলেরই পয়েন্ট ৬, পিএসজির পয়েন্ট ৫, এমনকি ৪ পয়েন্ট নিয়ে রেডস্টার বেলগ্রেডও এখনো পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন জিইয়ে রেখেছে। গতকাল নাপোলির সঙ্গে জিততে পারলে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে যেত পিএসজি। হুয়ান বার্নাতের গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু লরেঞ্জো ইনসিনিয়ার বিতর্কিত পেনাল্টিতে সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এমনিতেই ম্যাচ নিয়ে অসন্তুষ্টি, তার ওপর হলুদ কার্ড দেখা—মেজাজ কীভাবে ঠিক রাখেন নেইমার? ম্যাচের একদম শেষ মুহূর্তে ফ্রি কিক নিতে গিয়ে ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন । ফ্রি কিক নেওয়ার সময়ে নাপোলির খেলোয়াড়েরা সঠিক দূরত্বে দাঁড়িয়ে নেই, এ নিয়ে রেফারি বিয়োর্ন কুইপার্সের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েই এ বিপত্তি। হলুদ কার্ড দেখাটা নেইমারের কাছে এতটাই হাস্যকর লেগেছে যে কার্ড খাওয়ার পরে উপহাস করে হাততালিও দিয়েছেন কিছুক্ষণ!
ম্যাচ শেষে নিজের ক্ষোভটা উগরে দিয়েছেন নেইমার, ‘রেফারি আমাকে এমন কিছু একটা বলেছে, যা আমার কাছে রীতিমতো অসম্মানজনক বলে মনে হয়েছে। এটা বলা তাঁর ঠিক হয়নি।’
এদিকে পিএসজির কর্তাব্যক্তিরা নাপোলির গোল নিয়ে নাখোশ। যে পেনাল্টিতে তারা গোল পেয়েছে, সেই পেনাল্টি পাওয়ার ঠিক আগে নাপোলির উইঙ্গার হোসে কায়েহনই অফসাইডে দাঁড়িয়ে ছিলেন বলে দাবি করেছেন কোচ টমাস টুখেল, ‘পেনাল্টিটা এমন একটা ঘটনার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে, যে ঘটনার সময়ে নাপোলির একজন অফসাইডে দাঁড়িয়ে ছিল। নাপোলির পেনাল্টিটা হওয়ার কথা না, কিন্তু দেওয়া হয়েছে। উল্টো আমাদের একটা পেনাল্টি পাওয়ার কথা, যেটা আমাদের দেওয়া হয়নি। এসব সিদ্ধান্ত সঠিক হলে ম্যাচের ফলাফল ভিন্ন হলেও হতে পারত।’
২৮ নভেম্বর লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে মাঠে নামবে পিএসজি, ম্যাচটা লিভারপুলের সঙ্গে। গতকাল ইয়ুর্গেন ক্লপের দল রেডস্টারের কাছে হেরে যাওয়া লিভারপুল যে পিএসজিকে ছেড়ে কথা বলবে না, তা না বললেও চলছে।