প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুড়িমুড়কির মতো গোল হচ্ছে তো হচ্ছেই, থামার কোনো লক্ষণ নেই। দেখতে দেখতে শেষ পর্যন্ত ৩১ গোল হয়ে গেল! রেফারিও বাঁশি বাজাতে বাজাতে ক্লান্ত। কাঁহাতক এমন একতরফা ম্যাচ চালানো যায়? ত্যক্তবিরক্ত হয়ে শেষ পর্যন্ত শেষ বাঁশিই বাজিয়ে দিলেন। ম্যাচের তখনো পাক্কা ৬০ মিনিট বাকি! অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে ইতালির দুটি অনূর্ধ্ব-১৪ দলের ম্যাচে। স্বাগতিক পারসিসেতোর জালে বল ঢুকিয়ে মোটামুটি ক্লান্তই হয়ে পড়েছিল পন্টে রাঙ্কো। কিন্তু নিজে বিরক্ত বলে রেফারি আগেভাগে ম্যাচ শেষ করে দিতে পারেন না। নিয়মকানুন বলে তো একটা ব্যাপার আছে। বোলোনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন তাই ওই রেফারিকে নিষিদ্ধ করেছে। তা রেফারিরও বয়স মাত্রই ২০, বয়সের চাঞ্চল্য তাঁকে পেয়ে বসতে পারে। তবে পারসিসেতোর ভাগ্য খারাপই বলতে হবে, ম্যাচটা বাতিল করা হয়েছে। ইএসপিএন।