প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেফারিং নিয়ে সমালোচনা করলে জরিমানা-নিষেধাজ্ঞার ঝুঁকি থাকেই। এশিয়ান কাপ ফুটবলে সেটা মনে হচ্ছে একটু বেশিই। মুখ খুলেছেন কি খোলেননি জরিমানা পেতে হয়েছে কেইসুকে হোন্ডা ও কার্লোস কুইরোজকে। হোন্ডাকেই বেশি জরিমানা দিতে হয়েছে, পাঁচ হাজার ডলার। ফিলিস্তিনের সঙ্গে জাপানের ম্যাচের পর রেফারি ‘বাস্কেটবল ম্যাচ পরিচালনা করছেন’ বলে খোঁচা মেরেছিলেন জাপানের এই প্লে-মেকার। তবে জরিমানা হওয়ার পর হোন্ডা কথা বাড়াননি। আর ইরানের কোচ কুইরোজ তিন হাজার ডলার গচ্চা দিয়ে মনে হচ্ছে আরও খেপেছেন। বাহরাইনের সঙ্গে ২-০ গোলে জেতার পর কুইরোজ সমালোচনা করেছিলেন রেফারির। জরিমানা দেওয়ার পর বলেছেন, ৩২ বছরের ফুটবল ক্যারিয়ারে স্বাধীন মত দেওয়ার জন্য কখনো জরিমানা দিতে হয়নি। আবারও কুইরোজকে পকেট থেকে টাকা খসাতে হবে না তো? এএফপি।