শনিবার হয়ে গেছে ম্যাচটি। মাঠে জয়োৎসবও করেছে বিজয়ী দল। সেই ম্যাচটিরই শেষ মিনিটের খেলা নতুন করে হলো কাল! অভাবিত এ ঘটনাটি ঘটেছে উয়েফা অনূর্ধ্ব-১৯ মহিলা ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে। বেলফাস্টে হওয়া ম্যাচটি ২-১-এ জিতেছিল নরওয়ে। তো কী কারণে শেষ মিনিটের খেলা হলো আবার? এককথায় উত্তর—রেফারির কারণে। ম্যাচ শেষ হয় হয় এমন সময়ে সেদিন পেনাল্টি পেয়েছিল ইংল্যান্ড। স্পট কিকে গোলও করেছিল। কিন্তু শট নেওয়ায় সময় ইংল্যান্ডেরই এক খেলোয়াড় এগিয়ে যাওয়ায় গোল বাতিল করেন রেফারি। সময় শেষ হয়ে যাওয়ায় বাজিয়ে দেন শেষের বাঁশি। কিন্তু ফুটবল আইনে বলা আছে এমন ঘটনা ঘটলে আবারও স্পিট কিক নেওয়ার সুযোগ দিতে হবে। কিন্তু দেননি রেফারি। তাঁর ভুলের কারণেই পুরোনো ম্যাচের শেষ মিনিটের আয়োজন। প্রতিযোগিতা শেষের আগেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে জার্মান রেফারি মারিয়া কুর্টেসকে। এএফপি।