ভালো করলে প্রশংসা নেই, কিন্তু পান থেকে চুন খসলেই বিপদ। রেফারিদের ক্ষেত্রেই কথাটা বোধ হয় সবচেয়ে ভালো খাটে। ভালো কিছু করার জন্য খুব কমই রেফারিকে কেউ মনে রাখে, বিতর্কিত কিছু হলে মুখে মুখে ফেরে তাঁর নাম। দর্শক-সমর্থকদের সঙ্গেও রেফারিদের অনেক দূরত্ব। সেই দূরত্ব ঘোচাতে সুইডিশ রেফারি মোহাম্মেদ আল হাকিম এবার অন্য রকম একটা উদ্যোগ নিয়েছেন। একটা ফেসবুক পেজ খুলে সেখানে ফুটবল-অনুরাগীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন। এর মধ্যেই সুইডেনে দারুণ সাড়া পেয়েছেন, সাড়ে তিন হাজারের বেশি লাইকও হয়ে গেছে।
এর মধ্যে মুদ্রার দুই পিঠই দেখা হয়ে গেছে হাকিমের। সুইডিশ লিগের নরকপিং ও এআইকের একটা ম্যাচে ৩০ বছর বয়সী এই রেফারির একটা সিদ্ধান্ত নিয়ে বিতর্ক উঠেছিল। ফেসবুকে সেটা নিয়ে ক্ষুব্ধ সমর্থকদের নিজের ব্যাখ্যাও দিয়েছেন। হাকিমের কথা, ‘ভুল করলে সেটা স্বীকার করতে তো আমার কোনো সমস্যা নেই। ইতিবাচক প্রতিক্রিয়া অনেক, তবে এর সঙ্গে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া তো থাকবেই।’
২০০৫ সালে চেলসি-বার্সেলোনার একটা ম্যাচে দর্শকদের বিদ্রূপের স্বীকার হয়েছিলেন রেফারি অ্যান্ডার্স ফ্রিস্ক। হুমকি-ধমকিও পেয়েছিলেন অনেক। এরপর রেফারিংই ছেড়ে দিয়েছিলেন তিনি। হাকিমের আশা, তাঁর এই উদ্যোগের পর এ ধরনের ঘটনা আর ঘটবে না।
কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, রেফারিদের এ রকম প্রকাশ্যে কথা বলার অনুমতি আছে তো? হাকিম সুইডিশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে অনুমতি পেয়েছেন, তবে উয়েফার বিধিনিষেধের কারণে ইউরোপিয়ান ম্যাচ নিয়ে কুলুপ এঁটে রাখতে হচ্ছে মুখে। হাকিম আশা করছেন, শিগগিরই সেটাও আর থাকবে না। রয়টার্স।