রেফারির সুবিধা পেয়েছে লিভারপুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ রোমা। ছবি: রয়টার্স
কাল রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ রোমা। ছবি: রয়টার্স
>

চ্যাম্পিয়নস লিগে লিভারপুল-রোমার দ্বিতীয় লেগ সেমিফাইনালে লিভারপুল রেফারির সুবিধা পেয়েছে বলে অভিযোগ উঠছে।

জমজমাট এক ম্যাচ। প্রথম লেগে লিভারপুলের ৫-২ গোলের জয়ের পর দ্বিতীয় লেগে ৪-২ গোলে জিতেও রোমার পাল্টা দীর্ঘশ্বাস। এমন একটা জয়, এমন খেলেও ফাইনালে ওঠা হলো না। তবে প্রাথমিক হতাশা কাটিয়ে উঠতেই হতাশার জায়গাটা নিয়ে নিয়েছে ক্ষোভ। রেফারির ভুলেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা হলো না—রোমার কর্তাব্যক্তিদের চিন্তাধারাটা এমনই।

গতকাল ম্যাচের ৪৯ মিনিটে এডেন জেকোকে ডি বক্সে ফেলে দেন লিভারপুল গোলরক্ষক কারিয়াস। যেটা পেনাল্টি তো হতোই সঙ্গে গোলরক্ষককেও হয়তো হলুদ কার্ড দেখতে হতো। কিন্তু লাইন্সম্যান ভুল অফসাইডের সিদ্ধান্ত দিলে বেঁচে যায় লিভারপুল। আর ৬৩ মিনিটে এল শারাউইয়ের গোলের দিকে যাওয়া শট হাত দিয়ে ঠেকিয়ে দেন ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। নিয়ম অনুয়ায়ী শুধু পেনাল্টিই নয়, লাল কার্ডও দেখতে হতো আরনল্ডকে। কিন্তু রেফারি দামির স্কোমিনা দুটোই এড়িয়ে গেছেন।

এএস রোমার মূল হতাশা ৬৩ মিনিটের ওই সিদ্ধান্ত নিয়ে। সে সঙ্গে উয়েফার ভিএআর প্রযুক্তি ব্যবহার না করাটাও খেপিয়ে তুলেছে তাদের। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং প্রযুক্তি এরই মাঝে ব্যবহার করা হচ্ছে ইতালিতে। রেফারির সিদ্ধান্ত নিয়ে কোনো সন্দেহ থাকলে ভিএআর প্রযুক্তি ব্যবহার করতে পারে সিরি ‘আ’র দলগুলো। অথচ চ্যাম্পিয়নস লিগের মতো প্রতিযোগিতায় সেটা দেখা যাবে আগামী মৌসুমে। রোমা চেয়ারম্যান জেমস পালোত্তা তাই রেফারি নয়, খেপেছেন উয়েফার ওপর, ‘এটা পরিষ্কার যে চ্যাম্পিয়নস লিগে ভিএআর দরকার, কারণ এমন ভুল হতে দেওয়া যায় না। আপনারা সবাই চাইলে ভিডিওটা আবার দেখে নিতে পারেন। আমি জানি রেফারিং করা খুব কঠিন কিন্তু এটা খুবই লজ্জার যখন এভাবে আমাদের বিদায় নিতে হয়। এটা লাল কার্ড হওয়া উচিত ছিল, তাহলে ওরা ৬৩ মিনিটের পর থেকে ১০ জন নিয়ে খেলত।’

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে ভিডিও রেফারিং না থাকাকে হাস্যকর বলছেন পালোত্তা, ‘লিভারপুল অসাধারণ এক দল, ওদের অভিনন্দন। কিন্তু চ্যাম্পিয়নস লিগে এমন মুহূর্তগুলোয় ভিএআর না থাকাটা নির্মম রসিকতা।’

ফুটবল পরিচালক মঞ্চি প্রথম লেগেও লিভারপুলের পক্ষে রেফারিং হয়েছে এমন দাবি তুলেছেন। সে সঙ্গে পুরো প্রতিযোগিতাতেই যে রেফারিংয়ে ভুল হচ্ছে সেটা মনে করিয়ে দিয়েছেন, ‘প্রথম লেগেও আমরা একটা গোল খেয়েছি এটা অফসাইড ছিল (মানের গোল)। এখানে দুটো পেনাল্টি আমাদের দেওয়া হয়নি, আর মধ্যে একটি পরিষ্কার লাল কার্ড ছিল। সময় হয়েছে এ নিয়ে আওয়াজ তোলার। শুধু রোমা তো নয়, জুভেন্টাসকেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে এভাবে ভুগতে হয়েছে।’