রেফারির হাতে রিয়ালের 'উপহারের ব্যাগ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেফারির হাতের এই ব্যাগ নিয়েই যত বিতর্ক। ছবি: মার্কা
রেফারির হাতের এই ব্যাগ নিয়েই যত বিতর্ক। ছবি: মার্কা

এমনিতেই পেনাল্টি নিয়ে বিতর্ক এখনো থামেনি। ম্যাচে যখন ২-১ গোলে এগিয়ে ছিল ভিয়ারিয়াল, তখন রিয়াল মাদ্রিদ পায় একটা পেনাল্টি। যা থেকে গোল করে দলকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। পরে তো ম্যাচটা ৩-২ গোলে জিতেই যায় রিয়াল।
তবে গত রোববার স্প্যানিশ লিগে ভিয়ারিয়াল-রিয়াল ম্যাচটি এবার নতুন করে পড়েছে আরও বড় বিতর্কে। বিতর্কটা উসকে দিয়েছেন ভিয়ারিয়ালেরই সভাপতি ফার্নান্দো রোচ। তাঁর অভিযোগ, ম্যাচের পর রেফারি হেসুস গিল মানজানো ও সহযোগীরা হাতে একটা করে ব্যাগ নিয়ে মাঠ ছেড়েছেন, যে ব্যাগ তাঁরা পেয়েছেন রিয়ালের কাছ থেকে। টিভি ক্যামেরায়ও ধরা পড়েছে মানজানোর হাতে ধরা সেই ব্যাগ।
‘রেফারি ও সহযোগীরা (রিয়াল) মাদ্রিদের কাছ থেকে উপহার পাওয়া ব্যাগ নিয়ে স্টেডিয়াম ছেড়েছেন...এটা কখনোই হওয়া উচিত নয়।’ ম্যাচের পরই বলেছেন রইগ।
রেফারির হাতে কোনো ক্লাবের উপহার দেওয়া ব্যাগ—এটিই বিতর্ক উসকে দেওয়ার জন্য যথেষ্ট। এ নিয়ে পক্ষে-বিপক্ষে কথাও হচ্ছে অনেক। অনেকের চোখে, শেষ দিকে রিয়ালের পেনাল্টি পাওয়ার সঙ্গেও এই উপহারের যোগ আছে। তবে ব্যাপারটা তেমন নয় বলেই দাবি রেফারিদের কমিটির। স্প্যানিশ দৈনিক মার্কাকে তারা বলেছেন, ‘বিখ্যাত ব্যাগে’র ভেতরে আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছুই ছিল না। কী ছিল তাহলে? রেফারিদের কমিটির ভাষ্য, ‘ব্যাগে মাদ্রিদের চাবির রিং, পিন ও কলম ছিল।’
তবে এত কথা হলেও, ব্যাপারটাকে ‘তেমন কিছুই না’ হিসেবে দেখছেন অনেকে। রেফারিদের এমন সৌজন্য উপহার দেওয়াটা শুধু রিয়াল নয়, স্পেনেই একটা রীতি। স্প্যানিশ টিভি লা সেক্সটার এক ভিডিওতে দেখা গেছে, ২০১১/১২ মৌসুমে দুই দলের ম্যাচে ভিয়ারিয়ালই ম্যাচের পর রেফারিদের উপহার দিয়েছিল। রিয়াল যেমন সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া ম্যাচগুলোতে রেফারিদের উপহার দেয় জার্সি, যাতে ম্যাচের তারিখ ছাপানো থাকে। 

বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়ার মতো দলগুলোও রেফারিদের এমন সৌজন্য উপহার দিয়েছে। বার্সা এর আগে রেফারিদের ক্লাবের লোগো সংবলিত নাইকির হাতঘড়ি উপহার দিয়েছে। অ্যাটলেটিকোও কোট পিন, ক্লাবের ছোট পতাকা উপহার দিয়েছে রেফারিকে। ভ্যালেন্সিয়াও ক্লাবের ম্যাগাজিন, কোটপিন, কলম উপহার দিয়েছে রেফারিকে।