
মামুনুলকে অভিনন্দন জানালেন অ্যাঞ্জে পোস্তেকগলু। অস্ট্রেলিয়া কোচ হয়তো অনুচ্চারে বললেন, ‘ভালো খেলেছ তোমরা।’
মাঠ থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা বেরোনোর সময় করতালি পেলেন ফাবিও লোপেজের। বাংলাদেশ কোচও নিশ্চিত করেই বলে থাকবেন, ‘ভালোই করেছ তোমরা।’
খেলোয়াড়দের নিয়ে ড্রেসিংরুমে যাওয়ার পথে দর্শকদের উদ্দেশে হাত উঁচিয়ে করতালি দিলেন লোপেজ। দর্শকেরাও পাল্টা করতালিতে ভাসালেন বাংলাদেশ দশকে। মন কাড়ছিল ম্যাচের পর এমন সব দৃশ্য। সন্ধ্যাটা শেষ পর্যন্ত শুধুই হতাশায় মোড়ানো নয়।
যদিও হতাশার পদধ্বনি শোনা যাচ্ছিল প্রথমার্ধেই চার গোল খেয়ে। ম্যাচটা আসলে তখনই শেষ। শঙ্কা হচ্ছিল, ম্যাচ শেষে স্কোরলাইন না জানি কী হয়! কিন্তু ভয়, শঙ্কা সব একপাশে রেখে দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়াকে রুখে দেওয়ার তৃপ্তি সবার চোখেমুখে। শেষ ৪৭ মিনিট এশীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে পোস্ট অক্ষত রাখল বাংলাদেশ। সবচেয়ে বেশি কৃতিত্বই দাবি করতে পারেন গোলরক্ষক সোহেল। চারটি গোল খেলেও বাঁচিয়েছেনও বেশ কয়েকটি। বাংলাদেশ দলের সেরা খেলোয়াড় এই সোহেলই। আলাদাভাবে একটা করতালিও তাঁর প্রাপ্য।
সোহেল চেষ্টা করেছেন, তবে জয় নিশ্চিত ভেবেই কিনা ৬০ মিনিটেই অস্ট্রেলিয়া দল তিনজন খেলোয়াড় বদলে ফেলল। সকারুরা সর্বশেষ ২০০৪ সালে ৬০ মিনিটের মধ্যে তিনজন খেলোয়াড় বদল করেছিল। যার মধ্যে আছেন কালকের ম্যাচের প্রথমার্ধে বাঁ দিক থেকে অস্ট্রেলিয়ার খেলাটা তৈরি করা অ্যারন মুই। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে মেলবোর্ন সিটির এই মিডফিল্ডার বিপজ্জনক সব বল বের করছিলেন। কখনো থ্রু, কখনো ডিফেন্স চেরা পাস—মুই-ই থাকলেন প্রতিটি গোলের অন্যতম কারিগর।
নিজেদের কাছেও কি হারেনি বাংলাদেশ? মনের বাঘই যেন অনেক খেয়ে ফেলেছে লাল-সবুজের দলকে। নইলে পাঁচ ডিফেন্ডার নিয়ে শুরুতেই এমন রক্ষণাত্মক মানসিকতা কেন! পার্থের গোটা ম্যাচেই কোণঠাসা থেকে ৫ গোল গোল হজম, সেই দুঃস্মৃতি মনে রেখেই কিনা বাংলাদেশ যেন নামল গোল ঠেকানোর পণ করে।
সেই রক্ষণাত্মক বাংলাদেশকে শুরুতেই পেয়ে বসল অস্ট্রেলিয়া। ৬ মিনিটেই নাথান মুইয়ের মাপা ফ্রি কিকে মাথা লাগিয়ে গোল করলেন টিম কাহিল। ৩২ মিনিটে দ্বিতীয় গোলটা তারা পেয়েছে খানিকটা জটলার মধ্যে। টিম কাহিলের আলতো টোকায় ২-০। খানিক বাদেই হওয়া তৃতীয় গোলটা দেখার মতো। পাঁচটা পাসে গোল, সুযোগ তৈরি করলেন মুই। কাহিল বলটা গোলে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করলেন। আন্তর্জাতিক ফুটবলে তাঁর তৃতীয় হ্যাটট্রিক। ৪২ মিনিটে চতুর্থ গোলের উৎসও ফ্রি কিক, আবারও মুইয়ের ফ্রি কিকে কাহিলের হেডে বল শূন্যে থাকতেই অস্ট্রেলিয়ার অধিনায়ক জেডিনাকের হেডে ৪-০।
৪-০-কে আর বড় হতে না দেওয়ার পণ করল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হেমন্ত, মামুনুলদের ‘সাহসী’ ফুটবলের সামনে অস্ট্রেলিয়া যেন একটু খেই হারাল। চাইলে বাংলাদেশ দল যে ‘খেলতে’ পারে, সেটি দেখা গেল অবশ্য আরও আগেই। প্রথম ১৪-১৭ মিনিট বাংলাদেশ দল মাথা তুলে দাঁড়াল দারুণভাবে। মিনিট চারেক বল রাখল নিজেদের পায়ে, দুবার উঠে গিয়েছে অস্ট্রেলিয়ার বক্সেও। জামাল পারলেন না ভালো শট নিতে, আরেকবার স্ট্রাইকার জীবনের চূড়ান্ত পাসটা ভালো হলো না।
বাংলাদেশের ফুটবলারদের শুটিং দুর্বলতা এমনই যে একটিবারও পরীক্ষা করা গেল না ইংলিশ ক্লাব বোর্নমাউথে খেলা গোলরক্ষক অ্যাডাম ফেদেরিচিকে। অথচ মাথা ঠান্ডা রাখতে পারলে গোলে ভালো শট নেওয়া যেত। যে কাজটা পার্থের মাঠেও করতে পারেনি বাংলাদেশ।
ঘরের মাঠের সুবিধাও কাজে এল। পার্থের দ্রুততম মাঠে বল যেভাবে চালাচালি করেছেন কাহিলরা, এখানে ততটা নয়। ধীর মাঠ বাংলাদেশের দিকে সহায়তার হাত বাড়িয়েছে কিছুটা। পার্থে খেলা সেই দলের অনেকেই অবশ্য নেই। বাংলাদেশ কোচ একাদশে এনেছিলেন তিনটি পরিবর্তন। ইয়াছিন, তপু আর রাজু এলেন। এনামুল, এমিলি, লিংকন, জুয়েল রানারা বাইরে। বদলে যাওয়া সেই দল কিছুটা ‘ঘুরে’ দাঁড়িয়েছে ঘরের চেনা পরিবেশে। তাজিকিস্তানে পাঁচ গোলের তরতাজা ক্ষতটা আর বাড়তে দেয়নি।
হোক না ৪-০, তারপরও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এটি লজ্জার কোনো গল্প নয়!
বাংলাদেশ দল: সোহেল, রায়হান, তপু, ইয়াছিন, কোমল, নাসিরুল, জামাল, মামুনুল, হেমন্ত, রাজু, জীবন (সজীব)।
বাংলাদেশ ০ : ৪ অস্ট্রেলিয়া
টিম কাহিল
৬ মি., ৩২ মি., ৩৭ মি.
মিলে জেডিনাক
৪৩ মি.