দুপুরে ঢাকায় নেমে ঘণ্টা দুয়েকের বিশ্রাম। এরপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট ধরে সোজা সিলেটে। সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের আয়োজক শহরে কালই পৌঁছে গেছে ভারত ও নেপাল দল।
৯-১৮ আগস্ট সিলেট জেলা স্টেডিয়ামে হবে দক্ষিণ এশীয় অনূর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতা। ভারত ও নেপালের পর আজ সিলেটে পৌঁছাবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান, আগামীকাল মালদ্বীপ। স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল অবশ্য সিলেটেই রয়েছে, গত ১৫ জুলাই থেকে সিলেটে বাফুফে একাডেমিতে অনুশীলন করছে দলটি।
বরাবরের মতো সিলেটে উপচে পড়ে দর্শকই আশা করছেন আয়োজকেরা। তবে সিলেট স্টেডিয়াম খেলার জন্য পুরোপুরি প্রস্তুত কি না সেটি নিয়ে সংশয় রয়ে গেছে। গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টি মাঠের বেহাল দশা করে রেখেছে। মাঠের মাঝখানে ছিল আবার ক্রিকেট পিচ। সেটা তুলে লাগানো হয়েছে নতুন ঘাস। আবারও বৃষ্টি হলে এই মাঠে ফুটবল খেলা অসম্ভব হয়ে পড়বে। মাঠ নিয়েই তাই যত অসন্তুষ্টি বাংলাদেশ যুব দলের কোচ গোলাম জিলানির, ‘একাডেমি মাঠেও বৃষ্টির কারণে ভালোভাবে প্রস্তুতি নিতে পারিনি। স্টেডিয়ামের মাঠও ভালো নয়। বৃষ্টি হলে খেলতে সমস্যা হবে।’ এরই মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটি ড্র ১-১ গোলে, অন্যটিতে ৮-১ গোলে জয়। তবে এই প্রস্তুতি কোচের কাছে পর্যাপ্ত নয়, ‘আমাদের আরও আগে সাফের জন্য প্রস্তুতি নেওয়া উচিত ছিল। আমরা অনেক দেরিতে শুরু করেছি।’
প্রতিটি ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৩০ ও ৫০ টাকা, ভিআইপি গ্যালারি ১০০ টাকা করে। ৮ আগস্ট ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে যুব সাফ টুর্নামেন্ট শুরু। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ আগস্ট; প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৩ আগস্ট বাংলাদেশ নিজেদের গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। ১৬ আগস্ট সেমিফাইনাল। ফাইনাল ১৮ আগস্ট।