
কে জানত, কয়েক দিনের মধ্যেই জীবনের এমন বিপরীত রূপ দেখে ফেলবে ছোট্ট জাইদ! কদিন আগেই প্রাণভয়ে যাকে ছাড়তে হয়েছে দেশ, পেরোতে হয়েছে কাঁটাতারের বেড়া, সেই জাইদই পরশু স্বপ্নের নায়কের হাত ধরে ঢুকল বার্নাব্যুতে। বাস্তব কখনো কখনো রূপকথার চেয়েও বিস্ময়কর!
জাইদের গল্পটা এর মধ্যেই তুমুল আলোচিত। গত সপ্তাহে বাবা ওসামা আবদুল মোহসেনের হাত ধরে সীমান্ত পার হচ্ছিল সে। এক হাঙ্গেরীয় আলোকচিত্রীর বাড়িয়ে দেওয়া পায়ে হোঁচট খেয়ে পড়ে যান বাবা-ছেলে। ওই ঘটনার পর বিশ্বজুড়ে ওঠে নিন্দার ঝড়। মোহসেন সেখান থেকে সপরিবারে চলে আসেন স্পেনে। সিরিয়ার প্রথম বিভাগের একটা ক্লাবের কোচ ছিলেন তিনি। এটা জানতে পেরে স্প্যানিশ ক্লাব গেটাফে তাদের একাডেমি সিইএনএএফইতে মোহসেনকে চাকরি ও আবাসনের ব্যবস্থাও করে দেয়।
এর মধ্যে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানতে পারেন, মোহসেনের পুরো পরিবারই রিয়াল মাদ্রিদ-ভক্ত। পরশু গ্রানাডার সঙ্গে ম্যাচ দেখার জন্য বার্নাব্যুর ভিআইপি গ্যালারিতে তাঁদের আমন্ত্রণও জানান। তবে সাত বছর বয়সী জাইদের জন্য এর চেয়েও অনেক বড় চমক অপেক্ষা করছিল। ম্যাচের আগে তুমুল হাততালির মধ্যে রোনালদোর হাত ধরে যখন মাঠে ঢুকছিল, তার চোখেমুখে অবিশ্বাস। রোনালদোরাও শরণার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে টি-শার্ট পরে এসেছিলেন, জাইদের পরিবারের সঙ্গে ছবিও তুলেছেন। মেইল অনলাইন।