রোনালদো চ্যাম্পিয়ন, রিয়াল চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো আজ হ্যাটট্রিক করেই চ্যাম্পিয়ন বানালেন রিয়ালকে। ছবি: রয়টার্স
রোনালদো আজ হ্যাটট্রিক করেই চ্যাম্পিয়ন বানালেন রিয়ালকে। ছবি: রয়টার্স

নিজের চতুর্থ ব্যালন ডি’অর জিতে এসেছিলেন ক্লাব বিশ্বকাপ খেলতে। ব্যক্তিগত পুরস্কারটা উদযাপন করতে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভবত একটা ট্রফিরও দরকার ছিল। সেটি পেয়েও গেলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। 

আসলে বলা উচিত অর্জন করে নিলেন। দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন, তাতে জাপানের কাশিমা অ্যান্টলার্সকে ৪-২ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ট্রফিও জিতে নিল রিয়াল। গত তিন বছরে লস ব্ল্যাঙ্কোদের দ্বিতীয় ক্লাব বিশ্বকাপ ট্রফি।
ম্যাচের আগে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা তো দূরের ব্যাপার, রিয়ালের সামনে কাশিমা পাত্তা পাবে কি না, তা নিয়েই ছিল সংশয়। অনেকে তো এও বলছিলেন, কাশিমা ১৫০ ভাগ চেষ্টা করলে হয়তো রিয়ালের সঙ্গে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। অবশ্য বিশ্ব ফুটবলে অনেক পিছিয়ে থাকা এশিয়া মহাদেশের কোনো ক্লাব প্রথমবারের মতো উঠেছে ক্লাব বিশ্বকাপের ফাইনালে, তাদের নিয়ে উচ্চাশা থাকার কথাও নয়। এমনকি প্রতিপক্ষ রিয়ালের কোচ জিদানও ম্যাচের আগে কাশিমা সম্পর্কে শুধু এতটুকুই বলতে পেরেছিলেন, ‘ওরা অনেক দৌড়ায়।’
কিন্তু তাদের দৌড় এত পর্যন্ত! ফুসফুসের পুরো দমটুকু নিয়ে দৌড়াল কাশিমা। জিদানকে চমকে দিয়ে রিয়ালের সঙ্গে ম্যাচজুড়ে লড়ে গেছে সমানতালে। উৎসাহ জোগাতে ঘরের মাঠের প্রায় ৬০-৬৫ হাজার সমর্থকেরা তো ছিলেনই। ৪-২ স্কোর লাইন বোঝাতে পারছে না, স্বপ্নলোকের দুয়ার খোলার কত কাছে চলে গিয়েছিল পুঁচকে ক্লাবটি!
ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যায় রিয়াল, বেনজেমার সৌজন্যে। নয় মিনিটে বক্সের বাইরে থেকে মডরিচের শট ফিরিয়ে দিয়েছিলেন কাশিমা গোলকিপার সোগাহাতা, কিন্তু সেটি গিয়ে পড়ল সামনে দাঁড়ানো বেনজেমার পায়ে। ব্যাস, সহজ ট্যাপ-ইনে বলটাকে ফাঁকা জালে জড়িয়ে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার।
কিন্তু ওই গোলটাই যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। জিদান নিশ্চিতভাবে তেমনটা চাননি। গোল করে রিয়াল গেল ঘুমিয়ে, ওদিকে গা ঝাড়া দিয়ে জেগে উঠল কাশিমা। প্রতিপক্ষ রিয়াল, যে দলে ক্রিস্টিয়ানো রোনালদো আছেন, ডাগআউটে আছেন জিদানের মতো কিংবদন্তি, মাঠের এমাথা-ওমাথা এমনকি বেঞ্চ ঠাসা তারকায়...তাদের সঙ্গেই চোখে চোখ রেখে লড়ে গেল জাপানের চ্যাম্পিয়নরা।
রিয়ালের গোলের পরের তিন মিনিটের মধ্যে পরপর দুটি শট নিয়ে যেন অনুচ্চারে জানিয়ে দিল—হুঁশিয়ার! ছোট হতে পারি, তবে এ আমাদের মাঠ, ছেড়ে কথা বলব না! ফ্লিক, ব্যাক হিল, ডামিতে নিজেদের ফুটবল দক্ষতাকেও ফুটিয়ে তুলছিল দলটি।
বিরতির ঠিক আগে সমতায়ও ফেরে এশিয়ার দলটি। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা ‘নাম্বার টেন’ শিবাসাকির গোলে। বাঁ দিক থেকে বক্সে ক্রস এল, সেটি ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি রিয়ালের ভারান। সুযোগটা নিতে ভুল হলো না শিবাসাকির, দুর্দান্ত শটে বল জড়িয়ে দিলেন জালে।
বিরতিতে রিয়ালের সঙ্গে সমতায় থাকবে কাশিমা, সেটির ঘোরও তখনো অনেকের কাটেনি। বিরতির পরপরই আবার ধাক্কা। আবার শিবাসাকির গোল! এবারের গোলটি আরও দুর্দান্ত। তিন ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে বক্সের বাইরে থেকেই দুর্দান্ত শটে ফাঁকি দিলেন রিয়াল গোলকিপার নাভাসকে। কাশিমা ২, রিয়াল ১!
তবে রিয়াল ভক্তদের সৌভাগ্য, পিছিয়ে পড়েই হুঁশ ফেরে রিয়ালের। জেগে ওঠে আভিজাত্যবোধ। তার চেয়েও বড় কথা, জেগে ওঠেন রোনালদো! প্রথমার্ধে বেশির ভাগ সময়ই বল নিয়ে কারিকুরি করতে গিয়ে উল্টো বল হারিয়েছেন, কখনো হয়তো তাঁর কারণেই থিতিয়ে গেছে আক্রমণ! কিন্তু দ্বিতীয়ার্ধে নিজের ভুলটা শুধরে নেন পর্তুগিজ ফরোয়ার্ড।
৫৮ মিনিটে তাঁর প্রথম গোল। সেটি অবশ্য পেনাল্টি থেকে। বক্সে রিয়াল উইঙ্গার লুকাস ভাসকেজকে ফাউল করেন কাশিমা ডিফেন্ডার, সেটি থেকে পাওয়া পেনাল্টিতে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। এরপরই ম্যাচে হয়েছে সবচেয়ে দুর্দান্ত ফুটবল। কাশিমা আক্রমণে যায়, তো তেড়েফুঁড়ে আসে রিয়ালও। কিন্তু গোলমুখে ধারটা বেশি ছিল রোনালদোদেরই। ৭৩ মিনিটেও একবার জালে বল জড়িয়ে ছিলেন মাত্রই চতুর্থ ব্যালন ডি’অর জেতা ফরোয়ার্ড, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। এরপর দুই দলও আরও কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ২-২ সমতায়।
ওখানেই শেষ কাশিমার যত প্রতিরোধ। অতিরিক্ত সময়ে আসতেই রিয়ালের মান আর বড় মঞ্চে অভিজ্ঞতা ও শক্তির রসদের কাছে হার মেনে যায় এশিয়ান দলটি। হার মানে রোনালদোর কাছে। ৯৮ মিনিটে বেনজেমার পাসে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে এগিয়ে দেন। ছয় মিনিট পর আবারও। বক্সের বাইরে থেকে ক্রুসের নেওয়া শটটা ঠিকঠাক লাগেনি, কিন্তু সেটি গিয়ে পড়ল আবার রোনালদোর পায়ে। আর যায় কোথায়! গোলার মতো শটে গোল!
জয় এল। রোনালদোর ব্যালন ডি’অর জয়ের তৃপ্তিও পেল পূর্ণতা। আর পূর্ণতা পেল জিদানের ‘আন্তর্জাতিক অভিযান’। দায়িত্ব নেওয়ার পর রিয়ালের হয়ে আন্তর্জাতিক তিনটি শিরোপায় অংশ নিয়েছিলেন—চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও এই ক্লাব বিশ্বকাপ। জিতলেন তিনটি ট্রফিই। হ্যাটট্রিক হলো জিজুর। নিও স্পোর্টস।