রোনালদো নয়, নিজেকে সেরা দাবি গ্রিজমানের

অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পর ইউরোতেও ফর্মটা টেনে নেওয়া—আঁতোয়ান গ্রিজমানের বৃহস্পতি যেন তুঙ্গে। যদিও এবার ইউরোতে সর্বোচ্চ ৬ গোল করেও চ্যাম্পিয়ন করাতে পারেননি ফ্রান্সকে, তবে উয়েফা বর্ষসেরা হওয়ার দাবিটা জোরালোই করেছেন ২৫ বছর বয়সী অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড।
উয়েফা বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেলের সঙ্গে আছেন গ্রিজমানও। যদিও এখানেও রাজত্বটা মেসি-রোনালদোরই। উয়েফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন লিওনেল মেসি। তার আগেরবার ক্রিস্টিয়ানো রোনালদো। এবার যেহেতু মেসি নেই সেরা তিনের তালিকায়, গত মৌসুমে লা লিগায় ৩৫ গোল করা পর্তুগিজ ফরোয়ার্ডের পথ অনেকটা সহজ হওয়ার কথা।
কিন্তু তা হচ্ছে কোথায়? এবার তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন স্প্যানিশ লিগে ২২ গোল করা গ্রিজমান, ‘চূড়ান্ত তালিকায় থাকতে পেরে আমি গর্বিত। এর অর্থ আমি ঠিকই পথেই এগোচ্ছি। এই পথ ধরেই এগোতে হবে। দম্ভ নিয়ে কথা বলতে চাই না। তবে এই পুরস্কার আমার পাওনা। ক্লাব ও জাতীয় দলের হয়ে অসাধারণ এক মৌসুম কাটিয়েছি। এই মৌসুমটা ভোলার নয়। প্রথম অ্যাটলেটিকোর হয়ে, পরে ইউরোতে ফ্রান্সের হয়ে। দুর্ভাগ্য আমরা শিরোপা জিততে পারিনি। এটা আমাদের যেমন ছিল, সমর্থকদের জন্যও ছিল বিরাট ধাক্কা।’ তথ্যসূত্র: গোল ডটকম।