রোনালদো, মেসি না নয়্যার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি না ম্যানুয়েল নয়্যার—কে পাচ্ছেন এবারের ফিফা ব্যালন ডি’অর? উত্তর মিলবে ১২ জানুয়ারি। তবে সাবেক ফুটবলারদের একেকজন ব্যালন ডি’অরজয়ী হিসেবে বেছে নিচ্ছেন একেকজনকে

রোনালদোর বাজি রোনালদো
২৬ ম্যাচে ৩২ গোল! এই মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর এই পারফরম্যান্সকে ‘অবিশ্বাস্য’ বলছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার। দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এবারের ব্যালন ডি’অরের দৌড়ে পর্তুগিজ উইঙ্গারকে এগিয়ে রাখছেন বড় রোনালদো, ‘সে যা করছে তা অবিশ্বাস্য। সে যেভাবে গোল করছে তা আমার কিংবা আমার আগের সময়ে চিন্তা করাও যেত না। তাই এটা (ব্যালন ডি’অর) তারই প্রাপ্য। তার দক্ষতাগুলো সুন্দরভাবে কাজে লাগায় সে।’ ছোট রোনালদোর খেলা দেখাটাও একটা বড় বিনোদন বলে মনে করেন বড় রোনালদো, ‘সে তার শারীরিক সক্ষমতার সঙ্গে টেকনিক্যাল দক্ষতার দারুণ সমন্বয় ঘটায়।’ তাই রোনালদোর সাফ কথা, ‘গতবারের চেয়ে এবার সে বেশি এগিয়ে। গতবার সে জিতলেও এবারের মতো এগিয়ে ছিল না।’ আইএএনএস।
জানেত্তির বিশ্বাস মেসিই
আর্জেন্টিনা দলে একসময় লিওনেল মেসির অধিনায়ক। তবে সেটাই তাঁর পক্ষে বাজি ধরার কারণ নয় হাভিয়ের জানেত্তির, ‘আমার বিশ্বাস মেসিই জিতবে এটা। সে গ্রেট ফুটবলারদের একজন। আমাদের সে অবিরত চমকে দিচ্ছে। কখনো উদ্ভাবনী দক্ষতা কিংবা কখনো অভাবিত কিছু করে দলকে জিতিয়েই চলেছে। আমি তো তাকেই বিশ্বের সেরা ফুটবলার মনে করি।’ তবে এবারের ব্যালন ডি’অরের ভোটাভুটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন ইন্টার মিলানের সাবেক ফুটবলার, ‘এবার নির্বাচনটা কঠিন হবে। এটা জেতার জন্য নয়্যারও অনেক কিছু করেছে।’ মেসির পাশাপাশি জানেত্তি মনে করেন, সেরা কোচের পুরস্কারটি জিতবেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে। আইএএনএস ও মার্কা।
জিকোর পছন্দ নয়্যার
ক্লাব ফুটবলের সাফল্য তো ধরা হয়ই, বর্ষসেরা নির্বাচনে জাতীয় দলের সাফল্যও বিবেচ্য। আর এখানেই মেসি-রোনালদোর চেয়ে ম্যানুয়েল নয়্যারকে এগিয়ে রাখছেন ব্রাজিলের সাবেক তারকা জিকো, ‘বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় সে, সঙ্গে আছে বায়ার্ন মিউনিখের হয়ে সাফল্যও। তাই আমি মনে করি পুরস্কারটি এবার নয়্যারেরই পাওয়া উচিত।’ ইন্ডিয়ান সুপার লিগের দল এফসি গোয়ার কোচ হিসেবে জিকো এখন ভারতে। গোয়ার এক ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উঠে এসেছিল ফিফা-ব্যালন ডি’অর প্রসঙ্গও। সেখানেই কথাপ্রসঙ্গে এগিয়ে রাখলেন নয়্যারকে, ‘মেসি-রোনালদো দুজনই অসাধারণ ফুটবলার। কিন্তু বছরের বিশ্বকাপ বিবেচনায় নয়্যারই হচ্ছে আমার পছন্দ।’ আইএএনএস।