রোনালদো+মেসি = ৭ হাজার ৮০০ কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি ও রোনালদো—টাকার জলহস্তী!
মেসি ও রোনালদো—টাকার জলহস্তী!

ক্লাব থেকে পাওয়া দুজনের বেতন বেশ কাছাকাছি। ক্রিস্টিয়ানো রোনালদো পান ৫ কোটি ৩০ লাখ ডলার, লিওনেল মেসি তার চেয়ে ২০ লখ ডলার কম। কিন্তু মোট আয়ের দিক দিয়ে রোনালদো আরও এগিয়ে। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের বার্ষিক আয় ৮ কোটি ২০ ডলার, আর মেসি পান ৭ কোটি ৭০ লাখ ডলার। ফুটবল তো বটেই, দলীয় খেলোয়াড়দের মধ্যেও রোনালদোই এখন সবচেয়ে বেশি আয় করেন।
ফোবর্স ম্যাগাজিনের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। রিয়ালের সঙ্গে রোনালদোর এখনকার যে চুক্তি, তাতে সিআর-সেভেন এখন পান ৫ কোটি ৩০ লাখ ইউরো। আর বিজ্ঞাপন, প্রচার ও অন্যান্য খাত থেকে আসে আরও ২ কোটি ৯০ লাখ ইউরো। এখানেই মেসি একটু পিছিয়ে আছেন। বিজ্ঞাপন বা অন্য দিক থেকে তাঁর আয় হয় ২ কোটি ৬০ লাখ ইউরো।
ক্যারিয়ারে মোট আয়ের দিক দিয়েও রোনালদো স্বাভাবিকভাবেই এগিয়ে। পেশাদার ক্যারিয়ারে অভিষেক হওয়ার পর থেকে রোনালদোর এ পর্যন্ত আয় ৫৫ কোটি ডলার, আর মেসির ক্ষেত্রে সেই ৪৫ কোটি ডলার। অবশ্য বয়স হিসেবে রোনালদোর ক্যারিয়ার মেসির আগেই শেষ হওয়ার কথা। মেসি তখন হয়তো তাঁকে ছাড়িয়ে যাবেন। বাংলাদেশি মুদ্রায় রোনালদো এখন পর্যন্ত আয় করেছেন ৪ হাজার ৩ শ কোটি টাকা। মেসি আয় করেছেন ৩ হাজার ৫০০ কোটি টাকা। দুজনে মিলে আয় করেছেন ৭ হাজার ৮ শ কোটি টাকা! ভাবা যায়!

তালিকায় তিনি তৃতীয়, এ দুজনের থেকে অনেক অনেক পিছিয়ে। জ্লাতান ইব্রাহিমোভিচের বার্ষিক আয় ৩ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে শুধু পিএসজি থেকে বেতন বাবদ পান ৩ কোটি ডলার, বাকিটা আসে অন্যান্য খাত থেকে। তবে তালিকার চারে থাকা নেইমারের ব্যাপারটা আগ্রহ জাগানিয়া। বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকার বেতন হিসেবে পান ১ কোটি ৪০ লাখ ডলার। কিন্তু বিজ্ঞাপন বা অন্য খাত থেকে উপার্জন এর চেয়ে বেশি, ২ কোটি ২০ লাখ ডলার! ৩ কোটি ৪০ লাখ ডলার নিয়ে পাঁচে আছেন গ্যারেথ বেল।